এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৫:০১ পিএম

সেমিফাইনালে ওঠার জন্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। তাদের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ শায়ান পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।
এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার ভারতের বিরুদ্ধে ম্যাচ তো বটেই, পাকিস্তান যদি সেমিফাইনালেও উঠতে পারে, তাতেও আর খেলা হবে না ১৮ বছর বয়সী এই তরকা খেলোয়াড়ের।
বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচের সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে অনুশীলনের সময় উইকেটকিপিং করছিলেন শায়ান। সেখানে এক পেসারের বল সরাসরি তার নাকে আঘাত করে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক্স-রে করালে ধরা পড়ে তার নাকে ফাটল ধরেছে।
পিসিবি জানিয়েছে, আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পাওয়ার পর তারা যথাযথ সময়ে একজন বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করবে।
ভারতের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালে যাওয়ার জন্য শুধু জিতলেই হবে না, তাদের নেট রান রেটের জটিল হিসাবও মেলাতে হবে। এমন এক পরিস্থিতিতে মূল দলের শায়ানকে হারানো তাদের জন্য বিশাল এক ধাক্কা।