এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
দক্ষিণ আফ্রিকার দলের কাছে টেস্ট সিরিজ হারার পরই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের ওপর সমালোচনার ঝড় উঠেছিল। অনেকেই মন্তব্য করেছিলেন, গম্ভীরকে সরিয়ে ভিন্ন ভিন্ন ফরম্যাটের জন্য আলাদা আলাদা কোচ নেওয়া হোক।
কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা এবার গম্ভীরের পাশেই দাঁড়ালেন। তার মতে, আলাদা আলাদা কোচ খেলোয়াড়দের বিভ্রান্ত করে। ভারতের উচিত গম্ভীরের উপরই পুরোপুরি ভরসা রাখা।
বাভুমার ভাষায়, "কেউ কেউ বলতে পারেন যে গম্ভীর হয়তো শুধু সাদা বলের ক্রিকেট দেখবেন আর অন্য কেউ টেস্ট দেখাবেন। আমরা ২০২৩ সালে আমাদের (প্রোটিয়া) দলে লাল ও সাদা বলের জন্য আলাদা কোচ রাখার বিষয়টি চেষ্টা করেছিলাম।"
তিনি আরও বলেন, "সেই সময় এই ধারণা চালু ছিল। ভিন্ন ফরম্যাটের জন্য ভিন্ন কোচ। কিন্তু এখন দৃষ্টিভঙ্গি বদলেছে। সব ফরম্যাটে একজন কোচ রাখাই এখন বেশি যৌক্তিক মনে হচ্ছে।"
নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে একদিনের সিরিজ হারের পর থেকেই গৌতম গম্ভীরের কোচিং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ক্রিকেট বিশেষজ্ঞ ও ভক্তদের সমালোচনার মুখে পড়তে হয় তাকে। অনেকে গম্ভীরকে সরিয়ে দেওয়ার দাবিও জানান। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এমন সম্ভাবনা একদম উড়িয়ে দেন।
বিসিসিআই সচিব দাবি করেন, গম্ভীরকে নিয়ে এমন প্রশ্নই ওঠে না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইকেই নিতে হবে।"
সাইকিয়া বলেন, "ভারত ১৪০ কোটি মানুষের দেশ। এখানে সবাই ক্রিকেট বিশেষজ্ঞ। সবার মতামত থাকবেই। আমরা কাউকে আটকাতে পারি না। মিডিয়াসহ সবাই নিজের মত দিতেই পারে। নানা খবর ছড়াচ্ছে। অনেক প্রাক্তন ক্রিকেটার, বর্তমান খেলোয়াড়রা মত দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া এসবে ভরে গেছে। কিন্তু বিসিসিআইতে আমাদের নিজস্ব ক্রিকেট কমিটি আছে। প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে তৈরি ওই কমিটিই সব সিদ্ধান্ত নেয়।"
তিনি যোগ করেন, "দল বাছাইয়ের জন্য পাঁচজন নির্বাচক আছেন। যোগ্যতা দিয়েই তারা এই জায়গায় পৌঁছেছেন। প্রতিটি সিদ্ধান্তের বিরোধিতা হতেই পারে। সবার মতামত মাথায় রেখেই আমাদের চলতে হবে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ক্রিকেট কমিটি ও নির্বাচকরাই নেবেন।"