ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

অপরাজিত জ্যোতির ফিফটিতে ইতিহাস! টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত জয়ে উড়ছে বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

অপরাজিত জ্যোতির ফিফটিতে ইতিহাস! টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত জয়ে উড়ছে বাংলাদেশ

নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্ব আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাছাইয়ের শেষ ম্যাচেও জয়ের ধারা ধরে রেখে দুর্দান্তভাবে অভিযান শেষ করল টাইগ্রেসরা। নেপালের মুলপানিতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে লক্ষ্য ছুঁয়েছে বাংলাদেশ। ডাচদের দেওয়া ১০২ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই টপকে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে উজ্জ্বল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি—অপরাজিত ফিফটি করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। বাছাইপর্বে ৭ ম্যাচের ৭টিতেই জয় পেল বাংলাদেশ।

আগেই টি–টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে শেষ ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী দল। নেপালের আপার মুলপানিতে অনুষ্ঠিত ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা।

টস জিতে আগে ব্যাট করে নেদারল্যান্ডস ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১০২ রান। জবাবে বাংলাদেশ ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা ৫০ রান করে অপরাজিত থাকেন।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফিরেছেন মাত্র ৬ রানের মধ্যেই। এরপর তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন নিগার। শারমিন ২৮ বলে ১৩ রান করে আউট হলে নিগারের সঙ্গে যোগ দেন সোবহানা মোস্তারি।

নিগার–মোস্তারির এই জুটিই বাংলাদেশকে নিশ্চিত জয়ের পথে নিয়ে যায়। ৩৭ বলে দুজনে যোগ করেন ৫৭ রান। নিগার ৭টি চারসহ ৪৪ বলে অপরাজিত ৫০ রান করেন—নারী আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তাঁর দশম ফিফটি। মোস্তারি অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে, তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়।

এর আগে বল হাতে শুরু থেকেই নেদারল্যান্ডসকে চাপে ফেলে বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যেই নাহিদা, রাবেয়া ও মারুফারা তুলে নেন ৫ উইকেট। নাহিদা আক্তার ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রানে নেন ৩ উইকেট। শুরুতে ধাক্কা সামলেও ষষ্ঠ উইকেটে রবিন রাইকি ও সানিয়া খুরানার জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় ডাচরা।

শেষ ওভারে ভাঙার আগে এই জুটিতে আসে ৭৮ রান। রাইকি ৩৯ রান করে আউট হলেও খুরানা ৪৩ রানে অপরাজিত থাকেন। তবে শেষ পর্যন্ত ১০২ রান জয়ের জন্য যথেষ্ট হয়নি।

২০২৬ আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলেছে ৭ ম্যাচ—জিতেছে সবগুলোতেই। নেদারল্যান্ডস জিতেছে ৫ ম্যাচ। আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের সঙ্গে ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:
নেদারল্যান্ডস নারী দল: ২০ ওভারে ১০২/৬ (খুরানা ৪৩*, রাইকি ৩৯; নাহিদা ৩/১০, মারুফা ১/১৪)।
বাংলাদেশ নারী দল: ১৬.৪ ওভারে ১০৫/৩ (নিগার ৫০*, মোস্তারি ৩৩*; সেইগার্স ১/৯)।
ফল: বাংলাদেশ নারী দল ৭ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ: নাহিদা আক্তার।