এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম
স্পোর্টস ডেস্ক: লিগে টানা ব্যর্থতার চাপ নিয়ে হাইভোল্টেজ ম্যাচে নামা লিভারপুল শুরুতেই পিছিয়ে পড়ে। মুহূর্তেই আবার পয়েন্ট হারানোর শঙ্কা ঘিরে ধরে অ্যানফিল্ড। তবে এরপরই চেনা রূপে ফেরে আর্না স্লটের দল। উগো একিটিকের জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে নিউক্যাসল ইউনাইটেডকে হারায় লিভারপুল।
শনিবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলের বড় জয় পায় স্বাগতিকরা। একিটিকের দুই গোলের পাশাপাশি লিভারপুলের হয়ে বাকি দুই গোল করেন ফ্লোরিয়ান ভিয়েৎস ও ইব্রাহিমা কোনাতে।
জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরে লিগে প্রথম জয়ের স্বাদ পেল লিভারপুল। এর আগে টানা পাঁচ ম্যাচে চারটি ড্র করে তারা। গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলের হারও হজম করতে হয়েছিল তাদের।
এই জয়ের ফলে ২৪ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট দাঁড়াল ৩৯। পয়েন্ট তালিকায় তারা রয়েছে পাঁচ নম্বরে। এক পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে আছে চেলসি।
সমান ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি এবং তৃতীয় স্থানে অ্যাস্টন ভিলা। দুই দলই একটি করে ম্যাচ কম খেলেছে। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। অন্যদিকে, এই হারে ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড।