ঢাকা, শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২
Logo
logo

ধান শীষ' নেই ১০ আসনে! বিএনপি'র দুটি আসন হারাল, মিত্রদের দেওয়া ৮টিতে দলীয় প্রতীক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

ধান শীষ' নেই ১০ আসনে! বিএনপি'র দুটি আসন হারাল, মিত্রদের দেওয়া ৮টিতে দলীয় প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুটি আসনে বিএনপির প্রার্থী প্রার্থিতা ফিরিয়ে নেওয়ার আবেদন আপিল বিভাগ খারিজ করেছেন। এর ফলে কুমিল্লা-৪ ও কুমিল্লা-১০ আসনে এবার বিএনপির কোনো প্রার্থী থাকছে না।

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসানের মনোনয়ন ঋণখেলাপির অভিযোগে বাতিল হয়েছিল। তিনি হাইকোর্টে রিট করেন, যা ২১ জানুয়ারি খারিজ হয়। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন, সেটিও এবার নাকচ হয়েছে।

অন্যদিকে কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করা হয়েছিল দ্বৈত নাগরিকত্বের অভিযোগে। হাইকোর্টে তার রিট ২২ জানুয়ারি খারিজ হলে আপিল বিভাগে তিনি আবেদন করেন, সেটিও বাতিল হয়েছে।

ফলে কুমিল্লার এই দুই আসনেই বিএনপির কোনো প্রার্থী থাকছেন না, যা নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই দুই আবেদনই খারিজ করে দেন। ফলে আসন্ন নির্বাচনে তাদের আর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রইল না।

এদিকে, বিএনপি মিত্র দলগুলোকে মোট ৮টি আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পেয়েছে ৪টি আসন। এছাড়া গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণ অধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে। এসব দলের প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের 'খেজুরগাছ' প্রতীক নিয়ে সিলেট-৫ আসনে নির্বাচন করছেন দলটির সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মনির হোসেন কাসেমী।

'মাথাল' প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচন করছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নিজ দলের 'কোদাল' প্রতীক নিয়ে লড়বেন। পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর 'ট্রাক' প্রতীকে এবং ভোলা-১ আসনে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করছেন 'গরুর গাড়ি' প্রতীক নিয়ে।
সব মিলিয়ে এবারের জাতীয় নির্বাচনে মোট ১০টি আসনে বিএনপির ধানের শীষ প্রতীকটি দেখা যাবে না।