ঢাকা, শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬ | ২০ চৈত্র ১৪৩২
Logo
logo

রাজ–পরীমনির বিচ্ছেদের আসল রহস্য ফাঁস! তৃতীয় পক্ষ নয়, যে কারণে ভেঙেছিল আলোচিত সংসার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:০২ পিএম

রাজ–পরীমনির বিচ্ছেদের আসল রহস্য ফাঁস! তৃতীয় পক্ষ নয়, যে কারণে ভেঙেছিল আলোচিত সংসার

ঢালিউডের সবচেয়ে আলোচিত দম্পতিদের মধ্যে ছিলেন পরীমনি ও শরিফুল রাজ। বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গেলেও তাদের সম্পর্ক ভাঙার নেপথ্য কারণ নিয়ে কৌতূহল এখনো তুঙ্গে। অনেকের প্রশ্ন—এই বিচ্ছেদের পেছনে কি তৃতীয় কোনো ব্যক্তি জড়িত ছিলেন? এবার সেই জল্পনার স্পষ্ট জবাব দিলেন পরীমনি নিজেই।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পডকাস্টে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই তিনি পরিষ্কার ভাষায় জানান, রাজের সঙ্গে তার বিচ্ছেদের পেছনে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই।

পরীমনির ভাষায়, সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল বোঝাপড়ার অভাব। তিনি বলেন, ‘সংসার টিকিয়ে রাখতে যে ধৈর্য, দায়িত্ববোধ আর পারস্পরিক সহযোগিতা দরকার—সেটার ঘাটতি ছিল। সম্পর্ক বাঁচাতে দুজনকেই চেষ্টা করতে হয়, এই বিষয়টা সে বুঝত না।’

বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি প্রচলিত অভিযোগ নিয়েও মুখ খোলেন পরীমনি। অনেকের দাবি, তার কারণেই নাকি রাজ সন্তানের খোঁজখবর নিতে পারছেন না। এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘এই কথাটা সম্পূর্ণ ভুল। এ ধরনের কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।’

রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও অকপটে জানান অভিনেত্রী। তার ভাষায়, ‘আমি চাই, রাজ নিজে থেকেই উপলব্ধি করুক যে তার একটি সন্তান আছে। কাউকে কিছু বলতে না হলেও দায়িত্ববোধটা যেন ভেতর থেকেই আসে।’

উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে শরিফুল রাজ প্রথম প্রকাশ্যে জানান, পরীমনি মা হতে চলেছেন। একই সময় সামনে আসে তাদের বিয়ের খবর। পরে পরীমনি নিশ্চিত করেন, ২০২১ সালের ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়েছিল। ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় তাদের একমাত্র সন্তান।

দাম্পত্য জীবনে একাধিকবার টানাপোড়েন তৈরি হলেও সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছিলেন দুজনেই। তবে রাজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কয়েকজন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়। সেই ঘটনাই শেষ পর্যন্ত সম্পর্কের অবনতি চূড়ান্ত করে তোলে।

সব আলোচনা ও প্রক্রিয়া শেষে ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ কার্যকর হয়। ব্যক্তিগত জীবনের এই অধ্যায় পেছনে ফেলে দুজনেই এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।

পরীমনিকে সর্বশেষ দেখা গেছে ‘ফেলুবক্সী’ সিনেমায়। সামনে তিনি অভিনয় করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ ছবিতে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’।

অন্যদিকে শরিফুল রাজ ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন। সামনে তার ঝুলিতে রয়েছে ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’সহ আরও কয়েকটি নতুন চলচ্চিত্র।