এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ সম্মেলনে এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যা দেশের ক্রিকেট অঙ্গনে খুবই বিরল। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এক ইউটিউবারের করা একটি 'অপ্রাসঙ্গিক' প্রশ্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে বেরিয়ে গেছেন! তাঁর সঙ্গে ছিলেন আরেক সাবেক তারকা আব্দুর রাজ্জাক এবং অন্য কর্মকর্তারা, তাঁরাও একই সাথে সম্মেলন ত্যাগ করেন।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটারদের কল্যাণ সংগঠন কোয়াব। সংস্থাটির পক্ষ থেকে মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
কোয়াব আরও পরিষ্কার করে জানায়, মতভিন্নতা বা কঠিন প্রশ্ন তোলা যেতেই পারে, কিন্তু সেটা প্রকাশ ও সামলানোর সময় সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাদার আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। তারা আশা করে, সংশ্লিষ্ট সবাই এই ঘটনা থেকে শিক্ষা নেবেন এবং ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল, সম্মানজনক ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করবেন।
গতকাল মিরপুরে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে বিরক্তি আর ক্ষোভ নিয়ে সরেন পাইলট ও রাজ্জাক। সরাসরি সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার আগে পাইলট বলেন, "প্রশ্নটা আপনি এমনভাবে করেছেন, যাতে আপনার ভিউয়ার্স বাড়ে। পরিচালক হিসেবে নয়, একজন ক্রিকেটার হিসেবে বলছি, আপনার প্রশ্নটা আমার পছন্দ হয়নি বলে চলে যাচ্ছি। আমার মনে হয় আপনারা একজন-দুজন মানুষ ছাড়া পরিবেশটা নষ্ট করে দিলেন। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। অসংখ্য ধন্যবাদ।"
উল্লেখ্য, গতকালের সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল দেশজুড়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। সারা দেশে শতাধিক মাঠ সংস্কার ও নতুন উইকেট তৈরির প্রকল্পের কথা তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য। কিন্তু প্রশ্নোত্তর পর্বে যখন আলোচনা উইকেট ও মাঠের বাইরে অন্য দিকে চলে যায়, তখনই ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে সেই 'অপ্রাসঙ্গিক' প্রশ্নের জবাব না দিয়েই সম্মেলন অসমাপ্ত রেখে চলে যান খালেদ মাসুদ পাইলট।