ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটের নিয়মে বড় ধাক্কা! নতুন আইনে ওভার শেষ না করে থামবে না খেলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটের নিয়মে বড় ধাক্কা! নতুন আইনে ওভার শেষ না করে থামবে না খেলা

ক্রিকেটের নিয়মকানুনে বহুদিন পর বড়সড় পরিবর্তন এনেছে এমসিসি। নতুন আইন প্রকাশ করে তারা জানিয়েছে, টেস্ট বা দিনের ক্রিকেটে দিনের শেষ ওভারে যদি উইকেট পড়ে যায়, তাহলেও ওভার অসম্পূর্ণ থাকবে না। পুরো ওভার শেষ করতেই হবে। নতুন ব্যাটসম্যানকে মাঠে নেমে খেলা চালিয়ে যেতে হবে।
মঙ্গলবার এমসিসি আনুষ্ঠানিকভাবে লজ অফ ক্রিকেটের নতুন সংস্করণ প্রকাশ করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সঙ্গে ভাষাগত কিছু সংশোধনও করা হয়েছে।

২০১৭ সালে কোড কার্যকর হওয়ার পর এটাই এমসিসির তৃতীয় বড় সংশোধন। এর আগে ২০১৯ ও ২০২২ সালে আইনে পরিবর্তন এনে প্রকাশ করা হয়েছিল। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন নিয়মগুলো ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এমসিসি বলেছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য—ক্রিকেটের আইনগুলোকে আজকের সময়ের সঙ্গে মানানসই করে তোলা এবং খেলোয়াড়দের কাছে খেলাটাকে আরও সহজ ও স্বাভাবিক করে তোলা।
পরিবর্তনগুলোর মধ্যে একটা বড় হলো—ওপেন-এজ ক্রিকেটে ল্যামিনেটেড ব্যাট ব্যবহারের অনুমতি দেওয়া। আগে শুধু জুনিয়র ক্রিকেটে এমন ব্যাটের ছাড়পত্র ছিল।

ওভারথ্রো নিয়ে নিয়ম নতুন করে লেখা হয়েছে। খেলোয়াড়দের আচরণ-সংক্রান্ত নিয়মেও পরিবর্তন এসেছে। নতুন নিয়ম চালু হলে আম্পায়াররা ৫ রান পেনাল্টি দিতে পারবেন।
বিশ্বকাপের ঠিক আগে এমসিসির এই একাধিক পরিবর্তনের ঘোষণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। তবে নতুন নিয়মগুলো কার্যকর হবে বিশ্বকাপের পর, অক্টোবর থেকে।