এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

এপস্টেইন–সংক্রান্ত নথিতে এবার উঠে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আরও ১০ লাখ রুশ নাগরিককে ইসরায়েলে পাঠানোর অনুরোধ করেছিলেন—এমন দাবি করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলসের অংশ হিসেবে একটি গোপন অডিও রেকর্ডিং সামনে এসেছে। ওই অডিওতে শোনা যায়, বারাক জেফ্রি এপস্টেইনকে বলছেন, “আমি সব সময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর এক মিলিয়ন দরকার। তাহলেই ইসরায়েল নাটকীয়ভাবে বদলে যাবে—সত্যিই নাটকীয়ভাবে বদলে যাবে। ওই এক মিলিয়ন রুশ।”
মিডল ইস্ট আই জানায়, রেকর্ডিংটি করা হয়েছিল ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি। কথোপকথনে এহুদ বারাক ভবিষ্যতে রুশ অভিবাসীদের ক্ষেত্রে ‘মান নিয়ন্ত্রণ’ করার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, তার পারিবারিক শিকড় ছিল পোল্যান্ড ও লিথুয়ানিয়ায়, পরে তারা বসতি স্থাপনকারী হিসেবে ফিলিস্তিনে যান।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৯৯০-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে প্রায় ১০ লাখ মানুষ ইসরায়েলে অভিবাসন করেন। তবে ২০০৫ সালের মধ্যে তাদের অর্ধেকেরও কম ব্যক্তি ইহুদি ছিলেন বা অর্থোডক্স ধর্মীয় আইনে ইহুদি হিসেবে স্বীকৃত ছিলেন।
অডিও রেকর্ডিংয়ে বারাক বলেন, বিয়ে, দাফন এবং “কে ইহুদি”—এই সংজ্ঞা নির্ধারণে অর্থোডক্স রাব্বিদের একচ্ছত্র কর্তৃত্ব ভাঙার একটি পরিকল্পনার কথা তিনি ভাবছিলেন। তার মতে, “পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া” উচিত।
তিনি আরও মন্তব্য করেন, অনেক রুশ নাগরিক ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারেন, এবং সেটিকে বাধা দেওয়ার প্রয়োজন নেই। তবে সামাজিক চাপ ও প্রজন্মগত পরিবর্তনের কারণে অনেকে পরে ধর্মান্তরিত হবেন—এমন ধারণাও দেন তিনি।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, ওই অডিওতে বারাক ১৯৪৮ সালের পর আরব ও মুসলিম দেশ থেকে আসা ইহুদিদের নিয়েও অবজ্ঞাসূচক মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা—যাদের বড় অংশই ছিলেন পূর্ব ইউরোপের আশকেনাজি ইহুদি—তখন যেখান থেকেই সম্ভব ইহুদিদের নিয়ে এসেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে বাছাই করার সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।