ঢাকা, বুধবার, মার্চ ১৮, ২০২৬ | ৪ চৈত্র ১৪৩২
Logo
logo

পিএসএলে ইতিহাস গড়লেন স্টিভেন স্মিথ, রেকর্ড দামে শিয়ালকোটে নাম লিখিয়ে চমকে দিলেন অজি তারকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

পিএসএলে ইতিহাস গড়লেন স্টিভেন স্মিথ, রেকর্ড দামে শিয়ালকোটে নাম লিখিয়ে চমকে দিলেন অজি তারকা

আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তার আগেই ১১তম আসরের নিলাম বসবে ১১ ফেব্রুয়ারি। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাচ্ছে, আর এই সুযোগেই বড় চমক দেখাল নতুন ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ।

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার স্টিভেন স্মিথকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শিয়ালকোট স্ট্যালিয়নজ। স্মিথের পেছনে তারা খরচ করছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপি, যা পিএসএলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিক। এই অঙ্কে বাবর আজমের বেতনের প্রায় দ্বিগুণ পাচ্ছেন স্মিথ। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাবর আজমের পারিশ্রমিক ৭ কোটি পাকিস্তানি রুপি।

এবার পিএসএলে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় পুরোনো দলগুলোর রিটেনশন কোটা কমিয়ে ৮ থেকে ৪ করা হয়েছে। ফলে চারটি ক্যাটাগরি থেকে একটি করে খেলোয়াড় রিটেইন করার সুযোগ পাচ্ছে প্রতিটি দল।

সম্প্রতি প্রকাশিত রিটেইন করা খেলোয়াড়দের তালিকায় দেখা গেছে, চারটি ফ্র্যাঞ্চাইজির প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ধরা হয়েছে ৭ কোটি পাকিস্তানি রুপি। তবে ভেতরের খবর বলছে, কয়েকজন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে ঘোষিত অঙ্কের চেয়েও বেশি অর্থ পাচ্ছেন।

৩৬ বছর বয়সী স্টিভেন স্মিথ সম্প্রতি শেষ হওয়া বিগ ব্যাশ লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন। এই আসরে তিনি ২৯৯ রান করেন প্রায় ৬০ গড়ে, স্ট্রাইক রেট ছিল ১৬৭.৯৭। একটি সেঞ্চুরি ও দুটি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার ঝুলিতে। বিগ ব্যাশে কয়েকটি ম্যাচে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজামের সঙ্গে ওপেনিং করতেও দেখা গেছে স্মিথকে।

শিয়ালকোট স্ট্যালিয়নজ দলে স্পষ্টভাবেই অস্ট্রেলিয়ান প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যবসায়ী হামজা মাজিদের মালিকানাধীন দলটি ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে কেনা হয়েছে, যা পিএসএলের আটটি দলের মধ্যে সবচেয়ে বেশি ফ্র্যাঞ্চাইজি ফি। পাশাপাশি সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইনকে ২০২৬ মৌসুমের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্টিভেন স্মিথকে দলে পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত টিম পেইন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, “সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন এখন পিএসএল স্ট্যালিয়নজের অংশ। আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং পিএসএল টি–টোয়েন্টির জন্য এটি বিশাল অর্জন।”