ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

নতুন দলে প্রথম ম্যাচেই আগুন! বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত আল আখদুদ, শীর্ষে আল-হিলাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

নতুন দলে প্রথম ম্যাচেই আগুন! বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত আল আখদুদ, শীর্ষে আল-হিলাল

তুন দলে অভিষেক ম্যাচেই দুর্দান্ত ঝলক দেখালেন করিম বেনজেমা। তার হ্যাটট্রিকের নৈপুণ্যে সৌদি প্রো লিগে বৃহস্পতিবার আল আখদুদকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে আল-হিলাল।

গত মৌসুমে আল-ইত্তিহাদের ডাবল জয়ের অন্যতম নায়ক ছিলেন বেনজেমা। চলতি মৌসুমে দলটির পারফরম্যান্স ওঠানামা করলেও ব্যক্তিগতভাবে ফর্মে ছিলেন ফরাসি এই তারকা। তবে চুক্তি নবায়ন নিয়ে জটিলতার জেরে ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে আল-হিলালে যোগ দেন তিনি।

নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই খেলতে নামেন প্রতিপক্ষের মাঠে। ম্যাচের ৩১তম মিনিটে প্রথম গোলের দেখা পান বেনজেমা। বক্সের ভেতরে দারুণ এক ব্যাক হিলে বল জালে পাঠান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে ওই এক গোলেই এগিয়ে ছিল আল-হিলাল। দ্বিতীয়ার্ধে যেন গোলের বন্যা বইয়ে দেয় দলটি। ৬০তম মিনিটে কাছ থেকে নেওয়া শটে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা। চার মিনিট পরই পূর্ণ করেন হ্যাটট্রিক। এরপর ছয় মিনিট পর ব্রাজিলিয়ান ম্যালকমের গোলেও অ্যাসিস্ট করেন তিনি।

আরও কিছু ঝলক দেখা যেতে পারত বেনজেমার কাছ থেকে। তবে ৭১তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়। তাতে অবশ্য গোল উৎসব থামেনি। ৭৪তম মিনিটে ব্যবধান বাড়ান সালেম আল-দসারি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন গত বছরের এএফসি বর্ষসেরা ফুটবলার।

নতুন ক্লাবে এমন শুরুতে দারুণ উচ্ছ্বসিত বেনজেমা। ম্যাচ শেষে তিনি বলেন, নতুন পরিবেশে মানিয়ে নিতে তার একটুও সময় লাগেনি।

বেনজেমা বলেন, “আজকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা জিতেছি, ভালো খেলেছি, অনেক গোল করেছি এবং কোনো গোল হজম করিনি—এতে আমরা সত্যিই খুব খুশি। ক্লাবের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। তাই মাঠে নেমে আমিও নিজের সবটা দিতে চাই।”

এই জয়ে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আল-হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল-আহলি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ক্রিস্তিয়ানো রোনালদোর আল-নাসর।