ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

পুতিনের সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প! বিশ্বকে নতুন পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিলেন কি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

পুতিনের সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প! বিশ্বকে নতুন পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিলেন কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের সীমা স্বেচ্ছায় বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। এতে বৈশ্বিক নিরাপত্তা ও পরমাণু ঝুঁকি নিয়ে নতুন করে বড় উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেন, পুরনো চুক্তির মেয়াদ বাড়ানোর বদলে দুই দেশের আলোচকরা বসে একটা নতুন চুক্তি নিয়ে কথা বলুক। আগের চুক্তিকে তিনি “খারাপভাবে আলোচিত” বলে মন্তব্য করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ বাড়ানোর পরিবর্তে পারমাণবিক বিশেষজ্ঞদের দিয়ে একটা নতুন, উন্নত ও আধুনিক চুক্তি তৈরি করা উচিত, যা দীর্ঘ সময় কার্যকর থাকবে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, নতুন কোনো চুক্তি হলে তাতে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান তিনি। কিন্তু বেইজিং এ বিষয়ে তেমন আগ্রহ দেখায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ কমে যাচ্ছে। এতে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পুতিন গত বছর বলেছিলেন, ওয়াশিংটন একই প্রতিশ্রুতি দিলে রাশিয়া আরও এক বছরের জন্য চুক্তিটি মেনে চলবে। কিন্তু সেই প্রতিশ্রুতি না আসা এবং চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া নিয়ে বৃহস্পতিবার দুঃখ প্রকাশ করেছে মস্কো।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে রাশিয়া “স্থিতিশীলতার বিষয়ে দায়িত্বশীল ও সুচিন্তিত অবস্থান” বজায় রাখবে।