ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শ্রীলঙ্কার অনুরোধও ব্যর্থ! ভারত ম্যাচ খেলতে অস্বীকার করল পাকিস্তান, টিম সরকারের হাতে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

শ্রীলঙ্কার অনুরোধও ব্যর্থ! ভারত ম্যাচ খেলতে অস্বীকার করল পাকিস্তান, টিম সরকারের হাতে

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি, কিন্তু তার আগেই যেন এক দফা বড় ধাক্কা! বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পর, তাদের সমর্থনে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এই সিদ্ধান্তে চিন্তিত হয়ে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি), কারণ এতে তাদের বিরাট আর্থিক ক্ষতি হতে পারে। এমনকি তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ অনুরোধও জানিয়েছে, কিন্তু তাতেও কাজ হয়নি!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করলেও আইসিসি তা না মেনে বাংলাদেশকে পুরো বিশ্বকাপ থেকেই বাদ দেয়। বাংলাদেশের বদলে টুর্নামেন্টে জায়গা পায় স্কটল্যান্ড।

এর প্রতিবাদে পাকিস্তান ঘোষণা দেয় যে, তারা 'এ' গ্রুপে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচটি খেলবে না। পাকিস্তানের এই সিদ্ধান্তে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শ্রীলঙ্কা। কারণ বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় ম্যাচগুলোর মধ্যে একটি হলো ভারত-পাকিস্তান ম্যাচ, যেটি দর্শক ও টেলিভিশন রেটিং থেকে বিপুল আয় বয়ে আনে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সতর্ক করে বলেছে, পাকিস্তানের অংশ না নেওয়ার কারণে তাদের বিশাল আর্থিক ক্ষতি হবে, পাশাপাশি প্রত্যাশিত পর্যটন আয়ও হাতছাড়া হয়ে যাবে।

এসএলসি আরও একটি আবেগপূর্ণ যুক্তি দিয়ে পাকিস্তানকে অনুরোধ জানায়। তারা বলেছে, "যখন নিরাপত্তার কারণে অনেক দেশ পাকিস্তানে খেলতে যেতে চাইছিল না, তখন শ্রীলঙ্কা সেখানে গিয়েই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনেছিল। সংহতি দেখাতেই আমরা তখন সেখানে গিয়েছিলাম।" এই দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলার বিশেষ অনুরোধ জানিয়েছে।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, তারা শ্রীলঙ্কার সেই চিঠি পেয়েছে বটে, কিন্তু সরকারের সিদ্ধান্ত তারা পরিবর্তন করতে পারবে না। পিসিবির একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, "হ্যাঁ, আমরা চিঠি পেয়েছি। কিন্তু সরকারের সিদ্ধান্ত তো আমরা বদলাতে পারি না। চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে।"

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড। আর সন্ধ্যায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত তাদের প্রথম ম্যাচে খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।