ঢাকা, শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইউক্রেন আমাদের শত্রু!" নির্বাচনী সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্যে ইউরোপে ভূমিকম্প


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

ইউক্রেন আমাদের শত্রু!" নির্বাচনী সমাবেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর মন্তব্যে ইউরোপে ভূমিকম্প

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইউক্রেনকে সরাসরি "শত্রু" বলে উল্লেখ করে বিতর্কিত এক মন্তব্য করেছেন। রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা বন্ধ করতে ইউক্রেনের চাপের জবাব দিতেই তিনি এই মন্তব্য করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এই খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে হাঙ্গেরি রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রথম থেকেই এই পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে হাঙ্গেরি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) হাঙ্গেরির পশ্চিমাঞ্চলীয় শহর সোম্বাতেলিতে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে ওরবান অভিযোগ করেন, ইউক্রেনের অবস্থান হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

ওরবান বলেন, "ব্রাসেলসে বসে ইউক্রেন যে দাবি বারবার করছে—যাতে হাঙ্গেরিকে রাশিয়ার সস্তা জ্বালানি থেকে বিচ্ছিন্ন করা যায়, সেটা তাদের বন্ধ করতে হবে।"

তিনি আরও কঠোর ভাষায় সতর্ক করে বলেন, "যতদিন ইউক্রেন চাইবে হাঙ্গেরিকে রাশিয়ার সস্তা জ্বালানি থেকে দূরে রাখতে, ততদিন তারা শুধু আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের শত্রু।" তার মতে, এমনটা হলে সাধারণ মানুষের গ্যাস-বিদ্যুতের বিল এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপক হারে বেড়ে যাবে।

এদিকে ইউরোপীয় কমিশন বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা করছে। এতে রুশ তেল পরিবহনের সামুদ্রিক সেবার ওপরও নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। গত মাসে ইউরোপীয় কাউন্সিল ২০২৭ সালের শেষ নাগাদ রাশিয়ার সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ করার একটি রোডম্যাপ অনুমোদন করেছে।