ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

লাল-সবুজ হাতে কলকাতার রাজপথ জয়, ম্যারাথনে বাংলাদেশির ইতিহাস গড়া সাফল্যে আবেগের জোয়ার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

লাল-সবুজ হাতে কলকাতার রাজপথ জয়, ম্যারাথনে বাংলাদেশির ইতিহাস গড়া সাফল্যে আবেগের জোয়ার

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত পূর্ব ভারতের সবচেয়ে বড় ফুল ম্যারাথনে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বাংলাদেশি দৌড়বিদ শিবশঙ্কর পাল। ৩ ঘণ্টা ২৯ মিনিটে ৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন।

সবচেয়ে নজরকাড়া দৃশ্য ছিল—কলকাতার রাজপথজুড়ে পুরো দৌড় শেষ করেছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে। দর্শক ও অংশগ্রহণকারীদের চোখে এই দৃশ্য ছিল আলাদা রকমের আবেগ আর গর্বের।

আয়োজকদের তথ্যমতে, এবারের কলকাতা ম্যারাথনে অংশ নেন প্রায় ২০ হাজার প্রতিযোগী। বয়সভিত্তিক তিনটি ক্যাটাগরি—১৮-৩০, ৩১-৪৯ ও ৫০ ঊর্ধ্ব—এ বিভক্ত ছিল মূল প্রতিযোগিতা। পাশাপাশি ৫ কিলোমিটার ফান ম্যারাথন, ১০ কিলোমিটার দৌড়, ২১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথন অনুষ্ঠিত হয়। চারটি বিভাগ মিলিয়ে এটি ছিল পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। 

এত বড় প্রতিযোগিতার ভিড়ে ৫০ ঊর্ধ্ব ক্যাটাগরিতে শিবশঙ্কর পালের জয় নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে এই সাফল্য কেবল সময় বা পদকের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর প্রতীকী বার্তাও। যে শহরে বাংলাদেশকে ‘হেয়’ করার অভিযোগ উঠেছিল, সেই শহরের বুকে লাল-সবুজের পতাকা হাতে শীর্ষস্থান দখল করাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

সম্প্রতি বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দেওয়ার অভিযোগ ঘিরে কলকাতাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে শিবশঙ্করের এই জয় অনেকের কাছেই এক ধরনের ‘নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদ’ হিসেবে ধরা দিয়েছে।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শিবশঙ্কর বলেন, “এই শহরেরই একজন ক্রিকেটার হয়েও যদি বাংলাদেশকে ছোট করে দেখা হয়, তাহলে সেই শহরের রাস্তায় নিজের দেশের পতাকা হাতে দৌড়ে প্রথম হওয়াটা আমার কাছে শুধু জয়ের আনন্দ নয়—এটা সম্মানের প্রশ্ন।”

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য বাংলাদেশির আবেগ আর গর্বের প্রতিফলন ঘটিয়েছে।

কলকাতা ম্যারাথন শহরের ক্রীড়া সংস্কৃতির এক বড় উৎসব। সেই মঞ্চে একজন বাংলাদেশি দৌড়বিদের শীর্ষস্থান দখল এবং জাতীয় পতাকা হাতে ফিনিশ লাইন স্পর্শ করা নতুন প্রজন্মের অ্যাথলেটদের জন্য শক্ত অনুপ্রেরণার বার্তা দেয়।

খেলার মাঠে রাজনীতি বা বিতর্ক থাকতেই পারে, কিন্তু রাজপথে শেষ কথা বলে পরিশ্রম আর পারফরম্যান্স—৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলকাতার বুকে শিবশঙ্কর পাল যেন সেটাই প্রমাণ করে দিলেন।