ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই!" সাংবাদিকদের সামনে মির্জা ফখরুলের আত্মবিশ্বসী ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা নেই!" সাংবাদিকদের সামনে মির্জা ফখরুলের আত্মবিশ্বসী ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের নির্বাচনে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে মনে করছেন। তবে কিছুটা আশঙ্কা থেকেই যায়, কিন্তু তিনি আশাবাদী যে এবার 'ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের' কোনো সুযোগ নেই।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, "গত ১৬ বছর ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলেই আছে বলে আমরা মনে করছি।"

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলেই তিনি আশা রাখেন।

নির্বাচনের ফলাফল গ্রহণযোগ্য হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, "আমরা সবসময়ই নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। ২০০৮ সালে বিএনপি যখন ৩০টি আসন পেয়েছিল, তখনও আমরা সংসদে গিয়েছিলাম। এবারও আমরা আশাবাদী যে বিএনপিই সংখ্যাগরিষ্ঠতা পাবে।"

জামায়াতে ইসলামী ও অন্যান্য প্রতিপক্ষ দলের প্রচারণা নিয়ে তিনি মন্তব্য করেন, "জামায়াত খুবই কৌশলী একটি দল। তারা বিভিন্নভাবে অপপ্রচার চালায়, ধর্মকে ব্যবহার করে, ব্যক্তিগত আক্রমণ ও চরিত্র হননের পথ বেছে নেয়। তারা কৌশলগতভাবে নানা রকম প্রচারণা চালাচ্ছে এবং মিথ্যা খবর ছড়ানোর চেষ্টা করছে। তবে আমি কখনোই জনগণকে বোকা ভাবি না।"

বিএনপির রাজনৈতিক দর্শন সম্পর্কে তিনি বলেন, "অন্যদিকে বিএনপি সবসময় ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। আমরা আমাদের প্রতিপক্ষকে কখনোই দুর্বল ভাবি না। তারা যতই শক্তিশালী হোক, আমরা তাকে শক্তিশালী ভেবেই আমাদের কাজ চালিয়ে যাই।"

এই সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের স্থানীয় নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।