এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

বলিউডে সিনেমা মুক্তির তারিখ মানেই টানটান উত্তেজনা। তবে সালমান খান ও অক্ষয় কুমারের ক্ষেত্রে ছবিটা একেবারেই আলাদা। দুই সুপারস্টারের মধ্যে প্রতিযোগিতার বদলে যে বন্ধুত্ব আর পারস্পরিক সম্মান কাজ করে, সেটাই আবার প্রমাণ হলো। জানা গেছে, নিজের নতুন সিনেমা ‘ভূত বাংলা’–র মুক্তির তারিখ চূড়ান্ত করার আগে সালমান খানের সঙ্গে সরাসরি কথা বলেন অক্ষয় কুমার।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা–র প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সালমান ও অক্ষয়ের মধ্যে সিনেমা মুক্তির তারিখ নিয়ে আলোচনা হয়। অক্ষয় জানতে চান, সালমানের বহুল আলোচিত ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ কি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে। জবাবে সালমান জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু গুরুত্বপূর্ণ অনুমোদনে দেরি হওয়ায় ছবিটির কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
এই তথ্য জানার পরই অক্ষয় তার সিনেমা ‘ভূত বাংলা’ আগামী ১০ এপ্রিল মুক্তি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সালমানের সম্মতি নিয়েই তিনি চূড়ান্ত করেন মুক্তির দিনক্ষণ। ফলে একই সময়ে বক্স অফিসে দুই তারকার মুখোমুখি সংঘর্ষের সম্ভাবনা আপাতত দূর হলো।
সূত্র জানায়, ‘ব্যাটল অব গালওয়ান’–এর শুটিং এখনও সম্পূর্ণ হয়নি। চলতি সপ্তাহের সোমবার থেকে নতুন শিডিউলে কাজ শুরু হয়েছে, যা মাসের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ। এসব কারণেই নির্ধারিত সময়ে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ধারণা করা হচ্ছে, ছবিটি আগামী বছরের ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসতে পারে।
বলিউডে সাধারণত বড় তারকাদের সিনেমা একই দিনে মুক্তি পেলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা থাকে। তবে সালমান ও অক্ষয়ের সম্পর্ক বরাবরই ব্যতিক্রমী। সংশ্লিষ্টরা বলছেন, নতুন প্রজন্মের অনেক অভিনেতার তুলনায় তাদের বন্ধন অনেক বেশি স্বচ্ছ ও সম্মাননির্ভর। সেই পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।