এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম
সৌদি প্রো লিগের বড় বড় ক্লাবগুলো এখন চোখ রাখছে ইংল্যান্ডের সুপারস্টার হ্যারি কেইনের দিকে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর আগেই তারা তাকে দলে ভেড়ানোর জোরদার পরিকল্পনা করছে। জার্মান বিখ্যাত ক্রীড়া ম্যাগাজিন ‘কিকার’-এর রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তি চলছে ২০২৭ সাল পর্যন্ত। কিন্তু রিপোর্ট বলছে, এই চুক্তিতে একটা রিলিজ ক্লজ থাকতে পারে, যা দিয়ে তাকে তুলনামূলক কম টাকায় দলে আনা সম্ভব।
কিকারের খবর অনুযায়ী, সৌদি আরবের টপ ক্লাব আল-আহলি এবং আল-ইত্তিহাদ কেইনকে তাদের ট্রান্সফার টার্গেটের শীর্ষে রেখেছে। কেইনের চুক্তি আরও কয়েক বছর বাকি থাকলেও, মাত্র ৭০ মিলিয়ন ইউরো খরচ করলেই এই ইংলিশ স্ট্রাইকারকে পাওয়া যেতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেইনের এই রিলিজ ক্লজ জানুয়ারিতে নয়, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এটা অ্যাকটিভ করতে হলে কেইন নিজেকেই বায়ার্নের কর্তৃপক্ষকে জানাতে হবে যে, তিনি ক্লাব ছাড়তে চান।
এদিকে প্রিমিয়ার লিগের কয়েকটা ক্লাবও কেইনের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর পাওয়া গেছে, যদিও কোন ক্লাবের নাম প্রকাশ করা হয়নি। সৌদি ক্লাবগুলোও পুরো পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে। কিন্তু বর্তমানে মিউনিখে কেইন একদম খুশি আর আরামে আছেন।
পরিবার নিয়ে জার্মানিতে সেটেল হয়ে গেছেন তিনি। এখন মধ্যপ্রাচ্যে যাওয়ার ব্যাপারে তার মনে আদৌ আগ্রহ আছে কি না, সেটা এখনো পুরোপুরি অনিশ্চিত।
২০২৬ সালের বিশ্বকাপের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা খুবই কম এই ইংলিশ তারকার। সাবেক টটেনহ্যাম ফরোয়ার্ড কেইন স্পষ্ট করে বলেছেন, ইংল্যান্ড দল উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে শিরোপা জিততে চায়।
কেইন বলেন, “আমার মনে হয়, এটি আমাদের সেরা সময়গুলোর একটা। শুরুর একাদশ হোক বা বেঞ্চ—দলের গভীরতা অসাধারণ। আমরা টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই যাব এবং সেটি মেনে নেওয়াটাই বাস্তবতা। নতুন কোচের সঙ্গে আমরা দারুণ একটা বছর কাটিয়েছি, আর এখন লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ।”