এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম
পিএসএল নিলামে বসে বাংলাদেশ সময়! সাকিব-মিরাজের নাম ডাকলেও দল পেলেন না কেউই, উল্টো রিশাদকে ঘিরে কাড়াকাড়ি শেষে রাওয়ালপিন্ডির শিকার ৩ কোটিতে
আইপিএলের পর এবার পিএসএল নিলামেও বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান। নাম লিখিয়েও পাকিস্তান সুপার লিগের নিলাম থেকে খালি হাতে ফিরতে হলো সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে।
শুধু সাকিবই নন, একই দুর্ভোগ পোহাতে হয়েছে মেহেদী হাসান মিরাজকেও। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ১.১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম লিখিয়েও পেলেন না কোনো দল। হতাশার তালিকায় আরও অনেকে, তবে ব্যতিক্রম শুধু রিশাদ হোসেন।
হ্যাঁ, রিশাদকে ঘিরে নিলামে ছিল রীতিমতো টানটান উত্তেজনা। ১.১ কোটি ভিত্তিমূল্যে নাম লেখানো এই তরুণ স্পিনার শেষমেশ ৩ কোটি রুপিতে দলে টেনে নেয় রাওয়ালপিন্ডি। বাংলাদেশ শিবিরে একমাত্র হাসির খবর বলতে তাই শুধু এটাই।
আইপিএলের সঙ্গে পিএসএলের অবশ্য ছোট্ট একটা তফাত আছে। আইপিএলে সাকিবের নামই ডাকেনি কেউ। পিএসএলে অন্তত তাঁর নাম ডাকা হয়েছিল। তিনি ছিলেন ২.২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তবুও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি তাঁকে দলে নেওয়ার।
এবারের পিএসএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোট ৫০ জন বাংলাদেশি খেলোয়াড় নিজেদের নাম লিখিয়েছিলেন। তিনটি ভিন্ন ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ভাগ হয়ে গিয়েছিল তারা।
সর্বোচ্চ ২ কোটি ২ লাখ রুপির ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। ১ কোটি ১০ লাখ রুপির তালিকায় ছিলেন রিশাদ, মিরাজ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহানসহ ২৭ জন।
৬০ লাখ রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন আফিফ হোসেন, নাসির হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, নাঈম হাসান, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিবসহ আরও অনেকে।
তবে শেষ হাসি হাসলেন কে? রিশাদ। আর হতাশার সুর বাজল সাকিব-মিরাজদের বাড়িতে।