এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান তারকা নেইমারের বন্ধুত্ব বহু দিনের। বার্সেলোনায় একসঙ্গে খেলা দিয়ে যার শুরু, পরে পিএসজিতেও একই ড্রেসিংরুম ভাগ করেছেন তারা। জাতীয় দলে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত সম্পর্ক সবসময়ই ছিল দারুণ উষ্ণ।
সেই বন্ধুত্বের আরেকটি প্রমাণ মিলল সম্প্রতি। নেইমার নিজের জার্সি উপহার দিয়েছেন মেসি ও তার সন্তানদের। এই উপহার ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আলোচনা।
‘১০’ নম্বরের ঐতিহ্য
মেসিকে জার্সি উপহার দিয়ে সান্তোস এক আবেগঘন বার্তায় লিখেছে,
“নেইমার জুনিয়র থেকে লিওনেল মেসি, প্রিন্স থেকে জিনিয়াস। এটি পবিত্র স্মারক (জার্সি), যার মূল্য অপরিমেয়। সংখ্যাটিও (১০) রাজার (পেলে) সঙ্গে অমর হয়ে আছে। নেইমার, মেসি এবং পেলের ১০ নম্বর—ফুটবলের ইতিহাসে এটি অসীম উত্তরাধিকার। ভিলা বেলমিরো থেকে স্বাগতম, লিওনেল মেসি।”
ফুটবলে ‘১০’ নম্বর জার্সি মানেই আলাদা মর্যাদা। পেলে, মেসি, নেইমার—তিনজনই এই নম্বরকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
বার্সেলোনার সেই সোনালি সময়
২০১৪-১৫ মৌসুম ছিল মেসি ও নেইমারের জন্য স্মরণীয়। বার্সেলোনার জার্সিতে তারা ছিলেন অপ্রতিরোধ্য। সেই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও কোপা দেল রে জিতে ট্রেবল সম্পূর্ণ করে বার্সা। তাদের সঙ্গে ছিলেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ, যিনি বর্তমানে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন।
পিএসজি অধ্যায় ও নতুন পথ
২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দেন। মেসি সেখানে যান ২০২১ সালে। ২০২৩ সালে প্রায় একই সময়ে দু’জনই ফরাসি ক্লাব ছাড়েন এবং ভিন্ন পথে হাঁটেন। কিন্তু ক্লাব আলাদা হলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। নেইমারের এই জার্সি উপহারই তার প্রমাণ।
সামনে বিশ্বকাপ, নেইমারের ফিটনেসই বড় প্রশ্ন
আর মাত্র পাঁচ মাস পর মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে থাকলেও ব্রাজিলের অবস্থা ততটা স্বস্তিদায়ক নয়। তবে বিশ্বকাপের মঞ্চে যে কোনো দলই বদলে যেতে পারে।
নেইমারের বড় চ্যালেঞ্জ এখন ইনজুরি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কোনো ফুটবলারই বিশ্বকাপ দলে জায়গা পাবেন না—সে নেইমারই হোক বা অন্য কেউ।
এখন দেখার বিষয়, সময়ের আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নেইমার কি বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করতে পারেন?