এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসের ডান চোখের পাশে সফল অস্ত্রোপচার হয়েছে। গত সপ্তাহে অনুশীলনের সময় বল লাগার কারণে গুরুতর চোট পান তিনি, আর তখন থেকেই স্পষ্ট ছিল অস্ত্রোপচার ছাড়া উপায় নেই।
অস্ত্রোপচারের পর নিজেই ছবি দিয়ে ভক্তদের জানিয়েছেন স্টোকস। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সেই ছবিতে দেখা যাচ্ছে, ডান চোখ বন্ধ, চোখের নিচে সেলাইয়ের দাগ। ক্যাপশনে স্টোকস লিখেছেন, 'দেখতে হয়তো তেমন মনে হচ্ছে না, কিন্তু অস্ত্রোপচার পুরোপুরি সফল হয়েছে!'
গত সপ্তাহে তিনি আরেকটি ছবি পোস্ট করেছিলেন, সেখানে তাঁর চোখে কালশিটে, নাক ভাঙা, গাল ও ঠোঁট ফাটা। নাকের মধ্যে তুলো গোঁজা। ভক্তরা চিন্তায় পড়ে গেলেও স্টোকস কিন্তু মজা করেই ক্যাপশন দিয়েছিলেন, 'অনুশীলন করতে গিয়ে এই দশা। আপনাদের বলটা কেমন অবস্থায় আছে সেটা দেখা উচিত ছিল!' সাথে দিয়েছিলেন হাসির ইমোজি।
জানা গেছে, ব্যাট বা বল করতে গিয়ে নয়, তিনি নেটের পাশে দাঁড়িয়েছিলেন, তখনই একটি বল সরাসরি তাঁর মুখে এসে লাগে।
বর্তমানে স্টোকস শুধু টেস্ট ক্রিকেট খেলেন, সাদা বলের ফরম্যাটে নেই তিনি। আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে আবার মাঠে দেখা যেতে পারে। কিন্তু গত কয়েক মাস ধরে স্টোকসের জন্য সময়টা ভালো যাচ্ছে না। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড ১-৪ ব্যবধানে হেরেছে, মাঝে সমুদ্রসৈকতে মদ্যপানের ঘটনায় বিতর্ক, আর তার ওপর অধিনায়কত্ব নিয়েও শুরু হয়েছে সমালোচনা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭ সালের ফাইনালে ইংল্যান্ডের খেলার সম্ভাবনা প্রায় শেষ, টানা চার ম্যাচ হারের দায় নিতে হচ্ছে স্টোকসকেই।