ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ফুলহ্যামকে ৩-০ উড়িয়ে টানা জয়, শীর্ষের খুব কাছে উঠে এলো ম্যানচেস্টার সিটি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

ফুলহ্যামকে ৩-০ উড়িয়ে টানা জয়, শীর্ষের খুব কাছে উঠে এলো ম্যানচেস্টার সিটি

ইত্তিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে একচেটিয়া দাপট দেখাল ম্যানচেস্টার সিটি। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। এই জয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৩ পয়েন্টে।

নব্বই মিনিটের ম্যাচে সিটির প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচ কার্যত নিজেদের করে নেয় তারা। এরপর বাকি সময়েও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় স্বাগতিকরা।

খেলার ২৪তম মিনিটে প্রথম গোলের দেখা পায় সিটি। কাছ থেকে নিখুঁত ফিনিশে দলকে এগিয়ে দেন অ্যান্টোয়ান সেমেনিও। এই গোলেই ম্যাচের গতি পুরোপুরি বদলে যায়।

দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেমেনিও। ঘানার এই ফরোয়ার্ডের ছোট পাস ছয় গজ বক্সের বাঁদিকে পেয়ে প্রথম ছোঁয়াতেই শটে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার নিকো ও’রাইলি।

৩৯তম মিনিটে ব্যবধান বাড়ান আর্লিং হলান্ড। ফিল ফোডেনের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়ান নরওয়ের এই তারকা। মাঝের সাত ম্যাচে মাত্র একটি গোল করা হলান্ড এখন টানা দুই ম্যাচে গোল পেলেন।

চলতি বছরে প্রিমিয়ার লিগে এটি হলান্ডের তৃতীয় গোল। আগের দুটি এসেছিল পেনাল্টি থেকে। এবারের মৌসুমে ২৬ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ, যা লিগে সর্বোচ্চ। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার মোট গোল এখন ২৯টি।

২৬ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৬, তবে তারা একটি ম্যাচ কম খেলেছে।

গত ডিসেম্বরে ফুলহ্যামের মাঠে নাটকীয় ৫-৪ গোলের ম্যাচ জিতেছিল সিটি। তবে ফিরতি লড়াইয়ে কোনো নাটক নয়—শুরু থেকেই ফুলহ্যামকে চাপে রেখে সহজ জয় তুলে নিল গার্দিওলার শিষ্যরা।

শিরোপা দৌড়ে এখন জমে উঠেছে লড়াই। সিটির এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রিমিয়ার লিগের শেষ পর্যন্ত উত্তেজনা থাকবেই।