ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

কলম্বোর 'সিমেন্ট কারখানায়' পাকিস্তান দল! ভাইরাল ভিডিওয় বাবর-শাহিনের হাঁটু-ছাড়ানো পথ – ফ্যানরা কী বললেন?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০২ পিএম

কলম্বোর 'সিমেন্ট কারখানায়' পাকিস্তান দল! ভাইরাল ভিডিওয় বাবর-শাহিনের হাঁটু-ছাড়ানো পথ – ফ্যানরা কী বললেন?

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডস আর যুক্তরাষ্ট্রকে হারিয়ে দারুণ ফর্মেও আছে তারা। কিন্তু এবার তাদের অনুশীলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে একটি ভিডিও। দাবি করা হচ্ছে, যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা গেছে, সেটা নাকি 'সিমেন্ট কারখানার' ভেতরে !

ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের চোখ কপালে। ফুটেজে দেখা গেছে, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, সাইম আইয়ুব, সলমন আলি আঘারা টিম বাস থেকে নামছেন। চারপাশ ধুলোমাখা, পিচহীন রাস্তা, এদিক-ওদিক আবর্জনার স্তূপ আর কাদা। পাশে মরচে পড়া ধাতব যন্ত্রাংশ ছড়ানো, ভাঙা জরাজীর্ণ বাড়ি। জায়গাটা দেখে কারোরই মনে হচ্ছে না এটা কোনো আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা তার কাছাকাছি কোনো জায়গা। এক নেটিজেন তো সরাসরি লিখেই দিলেন, 'এই হল শ্রীলঙ্কা আর আইসিসির আতিথেয়তা! ক্রিকেটাররা যেন সিমেন্ট কারখানা থেকে বেরিয়ে আসছেন!' 

অবশ্য সবাই শুধু সমালোচনা করেননি। অনেকে শুরু করে দিলেন ট্রোল। একজন লিখেছেন, 'মজদুর মজদুরি করে ওয়াপাস ঘর জাতে হুয়ে।' আরেকজনের ভাষ্য, 'পার্ট-টাইম কাজ শেষ, এখন ক্রিকেট খেলতে যাচ্ছে।' কেউ আবার ধীরেসুস্থে বললেন, 'ওরা এটারই যোগ্য।' 

তবে সমালোচনার পাশাপাশি ভালো খবরও আছে পাকিস্তানের জন্য। ভারতের বিপক্ষে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে মহারণটা হচ্ছে ঠিকই । ভারতীয় সহ-কোচ রায়ান টেন ডোশেটে তো বলেই দিলেন, দুই সপ্তাহ ধরে কলম্বোতে কাটানোয় পাকিস্তান বাড়তি সুবিধা পাবে ।

কিন্তু সেটা হোক বা না হোক, বিশ্বকাপের মঞ্চে চারদিকে ক্রিকেটের রোমাঞ্চ ছড়ানো উচিত। আর এখানে পাকিস্তান দলের চারপাশের আবহ দেখে সেটাই যেন কোথায় যেন হারিয়ে গেছে। এখন দেখার পালা, 'সিমেন্ট কারখানা'র এই অনুশীলন শেষ পর্যন্ত তাদের ভারতের বিরুদ্ধে মাঠে কাজে আসে কি না!