ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
Logo
logo

আলোচনা টেবিলে ইরানের মিসাইল আনলেই যুদ্ধ! তুরস্কের কড়া বার্তায় শঙ্কা বাড়লো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:০২ পিএম

আলোচনা টেবিলে ইরানের মিসাইল আনলেই যুদ্ধ! তুরস্কের কড়া বার্তায় শঙ্কা বাড়লো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলমান পরমাণু আলোচনা নিয়ে ইতিবাচক মন্তব্য শোনা গেলেও, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গ টেনে আনার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, আলোচনার টেবিলে এই ইস্যু তুললেই তা নাকি "আরেকটি যুদ্ধ" ডেকে আনবে!

ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, “আমেরিকানরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি একটা সীমার মধ্যে রেখে মেনে নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, “আলোচনার আওতা বাড়িয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্ত করলে এর পরিণতি হবে ভয়াবহ। এর থেকে আরেকটি যুদ্ধ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না।”

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে, ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতেও আলোচনা হওয়া উচিত। কিন্তু তেহরান একেবারে সাফ জানিয়ে দিয়েছে, পরমাণু ইস্যুর সাথে ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্ত করার কোনো প্রশ্নই আসে না।

আঙ্কারা এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার অগ্রগতি দেখতে চাইলেও, তাদের আশঙ্কা এটাই যে আলোচনা যদি তার সীমা ছাড়িয়ে অন্যদিকে চলে যায়, তাহলে পুরো অঞ্চলটাই নতুন করে যুদ্ধের আগুনে জ্বলতে পারে। এই অবস্থায় তুরস্কের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র ও ইরানকে বুঝেশুনেই পা ফেলতে হবে।