এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া। বেসরকারি ফলাফলে জানা গেছে, তিনি প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে হারেন।
এ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন, ধানের শীষ প্রতীকে। বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, বিএনপি প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮,১৩১ ভোট, আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭,১৪৯ ভোট। ফলে ভোট ব্যবধান দাঁড়িয়েছে ২০,৯৮২।
বরিশাল-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩,১০,০৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৬,৮৪৬ জন, নারী ভোটার ১,৫৩,২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বিএনপি, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।