ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ১৫, ২০২৬ | ৩ ফাল্গুন ১৪৩২
Logo
logo

তারেক রহমানের মুখে বিস্ফোরক কথা! ‘ইঞ্জিনিয়ারিং’ মানে জনগণকে কনভিন্স করা – বিএনপির এই সাফল্যে কী বার্তা দিলেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

তারেক রহমানের মুখে বিস্ফোরক কথা! ‘ইঞ্জিনিয়ারিং’ মানে জনগণকে কনভিন্স করা – বিএনপির এই সাফল্যে কী বার্তা দিলেন

রাজনীতি ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘ইঞ্জিনিয়ারিং’ নিয়ে সরাসরি কথা বললেন! তিনি বলেছেন, “জনগণকে কনভিন্স করাটাই হলো আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’। ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা, সেটাতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই মন্তব্যে নির্বাচন নিয়ে চলা নানা আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

দেশ চালানোর কঠিন দায়িত্বের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা এমন এক সময়ে দায়িত্ব নিতে যাচ্ছি যখন ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হচ্ছে। তবে জনগণের শক্তি সঙ্গে থাকলে কোনো বাধা আমাদের রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ আজ বিএনপিকে বিজয়ী করেছে। এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের সাধারণ জনগণের। আজ থেকে আমরা প্রকৃত অর্থেই স্বাধীন।”

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে তারেক বলেন, “আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।”
সরকারের দায়বদ্ধতা ও রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, “নতুন সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণ জবাবদিহিমূলক এবং ফ্যাসিবাদের হাতে ধ্বংস হওয়া রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করাই হবে আমাদের প্রাথমিক লক্ষ্য।”

এই সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলসহ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ-অধিকার পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
বিএনপির এই বিজয়ের পর দেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হচ্ছে – দেখা যাক সামনে কী হয়!