এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচের আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই! পাক বোলার বললেন, অভিষেকের টেকনিক জুতসই নয়, উল্টো জবাব দিলেন হরভজন, রোববার মাঠে কী হয় সেটাই দেখার
স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তান মানেই বাড়তি উত্তেজনা। শুধু ২২ গজের লড়াই নয়, এ যেন এক স্নায়ু যুদ্ধ। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে চলেছে কলম্বোতে। আর ম্যাচ শুরুর আগেই বিতর্ক উসকে দিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির ।
'অভিষেক ভালো ব্যাটার নন, শুধু স্লগার'
পাকিস্তানের জনপ্রিয় টক শো 'হার না–মানা হ্যায়'-এ ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে নিয়ে মন্তব্য করে বসেন আমির। তিনি বলেন, "আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে। যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল ও দারুণভাবে সামলাচ্ছে, কেবল তখনই আমি ওকে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে মানব" ।
শুধু তাই নয়, অভিষেককে আউট করার টোটকাও দিয়েছেন এই পাক বোলার। তার মতে, ভারতীয় ওপেনারকে আউট করার উপায় হলো—শরীর লক্ষ্য করে বোলিং করা ও স্লোয়ার করা ।
'শুধু স্লগার নয়, অভিষেক সম্পূর্ণ ব্যাটার'
আমিরের এই মন্তব্য শুনে তেতে গেলেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। তিনি সাফ জানিয়ে দিলেন, অভিষেককে শুধু স্লগার বলাটা ঠিক নয়। স্পোর্টস টাকের ভিক্রান্ত গুপ্তার ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, "ওঁকে স্রেফ স্লগার বলে দিলাম—ব্যাস, এটুকুই বলার? আমি কি বলব? ও শুধু স্লগার নয়, ও একজন সম্পূর্ণ ব্যাটার। ওর বইয়ের সব শট আছে। কাভার ড্রাইভ, পয়েন্টের উপর দিয়ে, লং-অন, লং-অফ, মিডউইকেট—সব জায়গায় ও শট খেলতে পারে। স্রেফ স্লগার বলাটা ঠিক নয়" ।
হরভজন আরও বলেন, "আমি যদি স্রেফ স্লগারের সংজ্ঞা দিতে যাই, তাহলে অনেকেই রেগে যাবেন। কিন্তু আমি আর বিতর্কে যেতে চাই না। অভিষেক টপ-ক্লাস ব্যাটার। ও নিজের যোগ্যতা বিশ্বক্রিকেটে প্রমাণ করেছে। যদি কাল ও ব্যাট করতে নামে আর কিছুক্ষণ উইকেটে থাকে, তাহলে ও সবাইকে মনে করিয়ে দেবে ও কে। গত চার-পাঁচ মাস ধরে ও তোমাদের স্বপ্নে ছিল। যদি কাল ও বড় ইনিংস খেলে, তাহলে আগামী ছয় মাসও তোমাদের স্বপ্নে থাকবে" ।
পাকিস্তানের কাছেও রয়েছে আতঙ্ক
আমির যতই অভিষেককে স্লগার বলুন, পরিসংখ্যান কিন্তু ভিন্ন কথা বলে। এবারই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের বিপক্ষে খেলেছেন অভিষেক। গত বছর এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। তাতে ১৮৯.৫৬ স্ট্রাইক রেটে ১১০ রান করেছেন তিনি ।
শুধু তাই নয়, পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র শাহিন শাহ আফ্রিদির বিপক্ষেও দুর্দান্ত অভিষেক। তিন ম্যাচে শাহিনের ১৯ বলে ৩৬ রান করেছেন তিনি, আউট হননি একবারও । পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা অবশ্য অভিষেকের প্রশংসা করতেই শোনা গেছেন। তিনি বলেন, "আমি সত্যিই আশা করি কাল অভিষেক খেলবে। আমরা সেরা দলের বিরুদ্ধে খেলতে চাই। ও সুস্থ হোক, এটাই কামনা করি" ।
ফিটনেস নিয়ে শঙ্কা কাটেনি
তবে ভারত-পাকিস্তান ম্যাচে অভিষেকের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। গত কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছেন ভারতীয় ওপেনার। যার কারণে নামিবিয়া ম্যাচে খেলতে পারেননি তিনি। প্রায় ৪৮ ঘণ্টা দিল্লির হাসপাতালেও কাটাতে হয়েছে তাকে ।
তবে শনিবার নেটে ব্যাটিং করে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন অভিষেক। জোরেশোরে প্র্যাকটিস করতে দেখা গেছে তাকে, ছক্কা মেরেছেন অনায়াসে । অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়েছেন, অভিষেক ফিট। পাকিস্তানের বিরুদ্ধে তাকে পাওয়া যাবে ।
এখন দেখার বিষয়, মাঠে নেমে আমিরের মন্তব্যের জবাব দিতে পারেন কিনা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার ।