এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় আবারও মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলা! গত বছর দুই মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার প্রতিশোধ নিতে আইএস (আইএসআইএল)-এর লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আইএসের বিরুদ্ধে অভিযানের নামে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরালো করার চেষ্টাও চলছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ৩ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় আইএসের ৩০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ‘প্রিসিশন মিউনিশন’ ব্যবহার করে গোষ্ঠীটির অবকাঠামো এবং অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সেন্টকমের কথায়, “সন্ত্রাসবাদী নেটওয়ার্কটির অবশিষ্টাংশের ওপর নিরবচ্ছিন্ন সামরিক চাপ বজায় রাখতে” এই হামলাগুলো চালানো হয়েছে। তবে অনেকে মনে করছেন, এ ধরনের অভিযান অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ঐতিহাসিক পালমিরা শহরের কাছে মার্কিন ও সিরীয় বাহিনীর ওপর হামলা চালায় আইএস। ওই হামলায় সার্জেন্ট এডগার ব্রায়ান টরেস-টোভার, সার্জেন্ট উইলিয়াম নাথানিয়েল হাওয়ার্ড এবং আয়াদ মনসুর সাকাত নামে একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন।
মার্কিন সেনাদের মৃত্যুর পর শুরু হওয়া ‘অপারেশন হকআই’-এর আওতায় গত দুই মাসে ৫০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা ও বন্দি করা হয়েছে। এছাড়া আইএসের প্রায় ১০০টি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দেখা যাক, আইএসের বিরুদ্ধে এই অভিযান কতদূর যায় এবং অঞ্চলে শান্তি ফিরে আসে কি না!