এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ ঘিরে বড় চমক দিল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার কেশভ মহারাজ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ পরই মাঠে গড়াবে এই সিরিজ।
শুক্রবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নতুন স্কোয়াড ঘোষণা করেছে। দলে জায়গা পেয়েছেন পাঁচজন নতুন মুখ—কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, ইথান বশ ও এনকোবানি মকোএনা।
এই স্কোয়াডের সবচেয়ে আলোচিত দিক হলো—একই দলে খেলবেন চার ভাই। জর্ডান হারমান হলেন রুবিন হারমানের ভাই, যিনি আগেই দলে ছিলেন। অন্যদিকে ইথান বশ হচ্ছেন কারবিন বশের ছোট ভাই। ফলে পারিবারিক বন্ধনেই যেন গড়া হয়েছে দক্ষিণ আফ্রিকার নতুন দল।
তরুণ মকোএনার উত্থান
মাত্র ১৯ বছর বয়সী এনকোবানি মকোএনা ইতোমধ্যেই নজর কেড়েছেন। ২০২৬ দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে তিনি যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। পার্ল রয়্যালসের হয়ে ১৩ উইকেট নিয়েছেন তিনি, তার স্ট্রাইক রেট ১৪.৭৬—যা বেশ কার্যকর বলেই ধরা হচ্ছে।
বিশ্বকাপের পর নতুনদের সুযোগ
দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাড জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর মূল দলের বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরবেন। ফলে এই সিরিজে নতুনদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হয়েছে।
১৫ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ শেষ হবে পাঁচ ম্যাচের এই সিরিজ। বিশ্বকাপে খেলা অধিকাংশ অভিজ্ঞ ক্রিকেটার এই সফরে থাকছেন না, তাই নতুনদের জন্য এটি হতে পারে বড় মঞ্চ।
দক্ষিণ আফ্রিকার পূর্ণাঙ্গ দল
কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, কনর এসটারহুজেন, ডিয়ান ফোরেস্টার, জর্ডান হারমান, রুবিন হারমান, জর্জ লিন্ডে, এনকোবানি মকোএনা, আন্দিলে সিমেলান, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।
নিউজিল্যান্ডের মাটিতে নতুন এই দল কতটা দাপট দেখাতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা।