ঢাকা, শনিবার, মার্চ ২১, ২০২৬ | ৭ চৈত্র ১৪৩২
Logo
logo

১৪ বোতল মদসহ আটকের খবর নিয়ে যা বললেন মেহজাবীন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ পিএম

১৪ বোতল মদসহ আটকের খবর নিয়ে যা বললেন মেহজাবীন

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সম্প্রতি তাকে নিয়ে একটি চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে দেশের গণমাধ্যমে। খবরটি ছিল, ২০২৫ সালের ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন এই অভিনেত্রী। এমনকি তার সঙ্গে তখন স্বামী আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্তও ছিলেন বলে অভিযোগ ওঠে।

অভিযোগে আরও বলা হয়, মদসহ আটক হলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গোপন রেখে তাদের ছেড়ে দেন। এরপর এই খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন মেহজাবীন। ভক্তদের মধ্যেও তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া।

এবার এই অভিযোগের মুখে সরাসরি মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। রোববার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়া জানান। পোস্টে মেহজাবীন অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে।

অভিনেত্রী তার পোস্টে লেখেন, 'কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, কিছু দিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।'

মেহজাবীন আরও লেখেন, 'আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।'

প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগের কথা প্রকাশ করে তিনি আরও লেখেন, 'সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে— যা একেবারেই কাম্য নয়।'

পোস্টে তিনি নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন। কেন বারবার নারী শিল্পীদের লক্ষ্যবস্তু করা হয়, তা নিয়েও সোচ্চার হন তিনি।

সবশেষে শুধুমাত্র কাজ দিয়েই আলোচনায় থাকার আশা ব্যক্ত করে অভিনেত্রী লেখেন, 'আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই। আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক। আশা করি, আপনারা সবাই পাশে থাকবেন।'

মেহজাবীনের এই পোস্ট ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার ভক্তরা একাত্মতা প্রকাশ করছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, তাহলে কি আসলেই ঘটনাটি মিথ্যে? তবে অভিনেত্রীর দাবি, সবকিছুই ছিল পরিকল্পিত ষড়যন্ত্র।