ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ | ২০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

যোধপুরে একই দিনে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যময় মৃত্যু, পুরো গ্রামে শোকের ছায়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

যোধপুরে একই দিনে বিয়ের আগের রাতে দুই বোনের রহস্যময় মৃত্যু, পুরো গ্রামে শোকের ছায়া

রাজস্থানের যোধপুরের মানাই গ্রামে একই দিনে দুই বোনের বিয়ের আনন্দের উৎসব চলছিল। কিন্তু শুক্রবার রাতেই সেই আনন্দ ঘরে নেমে আসে শোকের ছায়া। ২৫ বছর বয়সী শোভা ও ২৩ বছর বয়সী বিমলা রহস্যজনকভাবে মৃত্যু বরণ করেছেন।

শনিবার তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের আয়োজন ও অতিথিদের ভিড় চলছিল। হঠাৎ গভীর রাতে দুই বোন অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।

যোধপুর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, রাত প্রায় ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। ভোর প্রায় চারটার দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মরদেহ বাড়িতে আনার পর সৎকারের প্রস্তুতি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্যের প্রক্রিয়া থামিয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায়। পরে পরিবারকে হস্তান্তর করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের আগ পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে এখনো কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।

ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এখনও এই রহস্যময় ঘটনার সত্যিকার কারণ বোঝার চেষ্টা করছেন।