এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম
নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠ এখন পরিণত হয়েছে মিনি ভারতীয় সমাবেশে! চলতি টুর্নামেন্টে খেলছেন মোট ৪০ জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। বিশ্বকাপের ২০টি দলের মধ্যে অন্তত ১১টি দলেই রয়েছেন ভারতের মাটিতে জন্ম নেওয়া তারকারা। ছোট দলগুলোর বড়দের সঙ্গে পাল্লা দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখছেন এই প্রবাসীরাই।
বর্তমানে চলছে সুপার এইটের লড়াই। কানাডা, ইতালি, যুক্তরাষ্ট্রের মতো দলগুলো শেষ আটে না উঠতে পারলেও তারা কিন্তু নাক কাটা রাজা হয়েই মাঠ ছেড়েছে। এই দলগুলোর জার্সিতে ভারতীয় ক্রিকেটারদের ঝলক দেখে এতটাই মুগ্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আজকের 'মন কি বাত' অনুষ্ঠানে তাদের ভূয়সী প্রশংসা করে বসলেন।
ভারতের মাটি, অন্য দেশের জার্সি
প্রধানমন্ত্রী তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে 'মন কি বাত'-এর একটি অংশ শেয়ার করে লিখেছেন, 'নিশ্চয়ই আপনারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দেখছেন। দেখার সময় হয়তো আপনার চোখে পড়েছে কোনো ক্রিকেটার। সে অন্য দেশের জার্সি পরে খেলছে, কিন্তু তার নাম শুনে বুঝতে পারছেন সে আমাদেরই দেশের। এই মুহূর্তটা কিছুটা আনন্দের কারণ, সে ভারতীয় বংশোদ্ভূত হয়ে অন্য দেশের প্রতিনিধিত্ব করছে।'
বিশ্বকাপে সবচেয়ে চোখে পড়ার মতো দল ছিল কানাডা। ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ শর্মা তো সেঞ্চুরি হাঁকিয়েছেন! কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়া? তাঁর জন্ম ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে।
এই প্রসঙ্গে মোদি বলেন, 'কানাডায় সবচেয়ে বেশি ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাদের অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার জন্ম গুরুদাসপুরে। নবনীত ঢালিওয়াল চণ্ডীগড়ের ছেলে।'
আমেরিকা জুড়ে ভারতীয় ক্রিকেট
যুক্তরাষ্ট্র জাতীয় দলের দিকে তাকালেও চোখে পড়বে একাধিক চেনা মুখ। দলকে নেতৃত্ব দিচ্ছেন মোনাঙ্ক প্যাটেল। এছাড়াও সৌরভ নেত্রভালকার, মিলিন্দ কুমারেরা সবাই প্রতিনিধিত্ব করছেন আমেরিকার।
মোদি বলেন, 'যুক্তরাষ্ট্র দলে অনেক ক্রিকেটার আছে যারা ভারতের ঘরোয়া ক্রিকেট খেলেছে। মোনাঙ্ক প্যাটেল গুজরাট অনূর্ধ্ব-১৬ আর অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলেছে। মুম্বাইয়ের সৌরভ, হরমীত সিং আর দিল্লির মিলিন্দ কুমারকে নিয়ে আজ আমেরিকা গর্বিত।'
শুধু কানাডা বা যুক্তরাষ্ট্র নয়, ইতালি, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরশাহির মতো দলগুলোতেও রয়েছেন একাধিক ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। বিশ্বকাপে দলগুলো যখন বড় চমক দিচ্ছে, তার পেছনে নেপথ্য নায়ক হয়েই কাজ করছেন ভারতের মাটিতে জন্ম নেওয়া এই সন্তানেরা।