ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

রোজায় কোথায় মিলবে ইফতারের বিরিয়ানি? ভাইরাল অ্যাপ দিচ্ছে রিয়েল টাইম লোকেশন আপডেট


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:০২ পিএম

রোজায় কোথায় মিলবে ইফতারের বিরিয়ানি? ভাইরাল অ্যাপ দিচ্ছে রিয়েল টাইম লোকেশন আপডেট

রোজার মাস মানেই ইফতারে বিশেষ আয়োজন। আর সেই আয়োজনে যদি থাকে গরম গরম বিরিয়ানি বা তেহারি—তাহলে তো কথাই নেই! এবার সেই আনন্দে যোগ হয়েছে প্রযুক্তির ছোঁয়া। ‘বিরিয়ানি দিবে’ নামে একটি অভিনব অ্যাপ এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।

এই অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে—কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আগেভাগেই আপডেট নিয়ে জেনে নেওয়া যাচ্ছে কোথায় কী আয়োজন থাকছে।

স্মার্টফোনের যুগে বিভিন্ন অ্যাপ আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক আপডেট—সবই এখন হাতের মুঠোয়। এবার রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেবে, সেটাও জানা যাবে অ্যাপের মাধ্যমে!

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাথা থেকে ভাইরাল আইডিয়া

এই মজার ও অভিনব অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তিনি রাজধানীর International University of Business Agriculture and Technology (আইইউবিএটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন।

মূলত সোশ্যাল মিডিয়ায় প্রতি বছর রোজার সময় মসজিদের ইফতারের বিরিয়ানি নিয়ে যেসব মজার পোস্ট ও মিম ছড়ায়, সেখান থেকেই তার মাথায় আসে এই আইডিয়া। ভাবনা থেকেই তৈরি করে ফেলেন অ্যাপটি—আর সেটাই এখন ভাইরাল!

কীভাবে কাজ করে ‘বিরিয়ানি দিবে’?

অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ লোকেশন যুক্ত করার সুবিধা রয়েছে। ফলে কেউ যদি জানতে পারেন, নির্দিষ্ট কোনো মসজিদে আজ ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হবে—তাহলে তিনি সেটি আপডেট করতে পারেন।

এতে অন্য ব্যবহারকারীরাও সহজেই দেখতে পাবেন কোথায় আজ কী দেওয়া হচ্ছে। যে কেউ চাইলে অ্যাপে ভিজিট করে আপডেট দেখে ইফতারের সেই আয়োজনের অংশ হতে পারেন।

সোশ্যাল মিডিয়ায় মজার মন্তব্যের বন্যা

অ্যাপটি নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চলছে মজার ছলে নানা মন্তব্য। কেউ বলছেন, “এবার আর মিস হবে না বিরিয়ানি!” আবার কেউ লিখছেন, “প্রযুক্তির এমন ব্যবহারই চাই!”

সব মিলিয়ে রোজার আনন্দে নতুন মাত্রা যোগ করেছে ‘বিরিয়ানি দিবে’ অ্যাপ। প্রযুক্তি আর ঐতিহ্যের এই মেলবন্ধনই এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।