এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের কোনো পরিকল্পনা নেই। বরং তার বাহিনী চাইলে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, যদি কোনো সংলাপ করতে হয়, তাহলে আগে যুক্তরাষ্ট্রকে পিয়ংইয়ংয়ের প্রতি তাদের ‘শত্রুতামূলক’ নীতি বন্ধ করতে হবে।
স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার বৈঠক শেষে কিম বলেন, ওয়াশিংটন যদি উত্তর কোরিয়ার সার্বভৌম অবস্থানকে সম্মান করে এবং শত্রুতামূলক নীতি প্রত্যাহার করে, তাহলে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠার পথ খুলে যাবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম তার ভাষণে দেশের পারমাণবিক সজ্জিত সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, পানির নিচ থেকে উৎক্ষেপণযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি—এসব কৌশলগত অস্ত্র আরও বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
কিম আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির দ্রুত অগ্রগতি দেশটিকে একটি শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র হিসেবে স্থায়ী অবস্থান এনে দিয়েছে।
ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, পাঁচ বছর পরপর অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে দেশজুড়ে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন। বুধবার রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় বিশাল সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে এই আয়োজন শেষ হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ঐতিহাসিক কিম ইল সুং স্কয়ারে কিম জং উন তার মেয়ে কিম জু অ্যাকে পাশে নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে কুচকাওয়াজ পরিদর্শন করছেন। বিশ্লেষকদের মতে, এই কুচকাওয়াজে কিমের মেয়ের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে—ভবিষ্যতে তাকে উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হতে পারে।