এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

ভারতীয় বাংলা সিনেমার অন্যতম শক্তিমান অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায়। পর্দার সামনে তার অভিনয় আর পর্দার পেছনে নির্মাণ—দুই জায়গাতেই তিনি দর্শকের মন জয় করেছেন। কিন্তু সম্প্রতি এক স্মৃতিচারণায় এই তারকা জানালেন এক চমকপ্রদ কথা—তিনি কখনোই অভিনেতা হতে চাননি!
সময়টা ১৯৯৯ সাল। তরুণ পরমব্রত তখন অভিনেতা নয়, নির্মাতা হওয়ার স্বপ্ন দেখছেন। সেই সময় কিংবদন্তি অঞ্জন দত্তের ‘হাফ চকলেট’ শো-তে কাজ করার সুযোগ পান তিনি। পরমব্রত নিজের ভাষায় বলেন, “অভিনেতা হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কিংবদন্তি অঞ্জন দত্তের সঙ্গে সময় কাটানো এবং সিনেমা তৈরির প্রক্রিয়া সরাসরি দেখার একটা মজাদার সুযোগ ছিল সেটা। সত্যি কথা বলতে, কিছুটা আয়ের লোভও ছিল।”
পকেটমানি আর সিনেমা শেখার আগ্রহ থেকে শুরু করলেও নিয়তি তাকে অন্য পথে নিয়ে যায়। পরমব্রত জানান, মাত্র দেড় বছরের মধ্যেই তিনি টেলিভিশনের নিয়মিত মুখ হয়ে ওঠেন। ‘মৈনাক উপাখ্যান’, ‘অন্তরালে’, ‘এক আকাশের নিচে’ কিংবা ‘উৎসবের রাত্রি’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিকে অভিনয় করে দ্রুত পরিচিতি পান তিনি। প্রয়াত নির্মাতা যীশু দাশগুপ্তের অধীনেও কাজ করেছেন তিনি।
সম্প্রতি দীর্ঘ ১৫ বছর পর নিজের প্রথম শুটিং স্পট ‘ইন্দ্রপুরী স্টুডিও’তে পা রেখেছিলেন এই তারকা। পুরোনো দিনের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পরমব্রতর মতে, দেড় দশক পর সেই চেনা আঙিনায় ফিরে আসা এবং স্মৃতিচারণ করাটা তার জন্য বেশ কষ্টের ও একইসঙ্গে ভীষণ ভালো লাগার।
কাকতালীয়ভাবে অভিনয়ে আসা পরমব্রত আজ টলিউড ছাড়িয়ে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, অথচ তার শুরুটা ছিল শুধুই নির্মাণের নেশা থেকে।