এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম
বাংলাদেশ জাতীয় দলের জন্য ২ জন নির্বাচক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নির্বাচক হতে হলে কী কী যোগ্যতা লাগবে তা উল্লেখ করার পাশাপাশি বোর্ড আবেদনকারীদের তাদের চাহিদা অনুযায়ী বেতন উল্লেখ করার জন্য বলেছে, যা ক্রিকেট মহলে নতুন করে আলোচনা শুরু করেছে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হয়ে গেছে। এদিকে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাকও এখন আর নির্বাচক প্যানেলে নেই। প্যানেলে রয়েছেন শুধু হাসিবুল হোসেন শান্ত। বিসিবি তাই ২ জন নির্বাচক খুঁজছে।
এদিকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়ার দৌড়ে ইতোমধ্যে এগিয়ে রয়েছেন নির্বাচক প্যানেলের সাবেক সদস্য ও বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তবে তাঁকেও আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হবে কি না, সেটি এখনও স্পষ্ট নয়।
নির্বাচক পদে আবেদনের জন্য যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে- অতীতে আন্তর্জাতিক ক্রিকেট অথবা প্রথম শ্রেণির ক্রিকেট খেলার অভিজ্ঞতা। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট 'এ' ম্যাচ মিলে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
এছাড়া সব ফরম্যাটের আধুনিক ক্রিকেট সম্পর্কে সম্যক জ্ঞানের অধিকারী; নেতৃত্বগুণ, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা; দেশ ও দেশের বাইরে ভ্রমণ করার মানসিকতা; ঘরোয়া ক্রিকেট দেখা- এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
আগ্রহীদের আগামী ৮ মার্চের ভেতরে বিসিবির প্রধান নির্বাহী বরাবর অথবা বিসিবির চাকরি সংক্রান্ত অফিসিয়াল ইমেইলে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনের সঙ্গে নিজের প্রত্যাশিত বেতনের পরিমাণও উল্লেখ করতে হবে, যা অনেকের কাছেই চমক হিসেবে এসেছে।