এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উর্ধ্বমুখী হয়েছে। গত তিন দিনে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম লাফিয়ে ১৩ শতাংশ বেড়েছে।
২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ। এর আগের দিন থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বার্তা সংস্থা এএফপি জানায়, ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয়েছিল ৭২ ডলারে, কিন্তু দিনের শেষে তা পৌঁছে যায় ৮২ ডলারে।
আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট একই দিনে সকাল থেকে বিক্রি হয়েছিল ৬০ ডলারে, কিন্তু দিনের শেষে ৭০ ডলার ছাড়িয়ে যায়। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গিয়েছিল। বর্তমানে তা ১৩ শতাংশে পৌঁছেছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার দিন ইরান হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছে। আন্তর্জাতিক তেল বাজার পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, যদি এই স্থগিতাদেশ দীর্ঘস্থায়ী হয়, তবে ভবিষ্যতে তেলের দাম আরও বাড়বে।
উল্লেখ্য, হরমুজ প্রণালী আরব সাগর এবং পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বের মোট তেল ও তরল গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশই এই প্রণালীর মাধ্যমে যায়।
রাইস্টাড এনার্জির কর্মকর্তা ও বিশ্লেষক এএফপিকে জানিয়েছেন, “তেল পরিবহনের জন্য বিকল্প রুট ব্যবহার করা যেতে পারে, তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে দৈনিক তেলের সরবরাহ স্বাভাবিকের চেয়ে অন্তত ৮০ লাখ থেকে ১ কোটি ব্যারেল কমে যাবে।”