ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

টি–২০ ব্যর্থতার পর বড় বদল, পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ হচ্ছেন সরফরাজ আহমেদ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

টি–২০ ব্যর্থতার পর বড় বদল, পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ হচ্ছেন সরফরাজ আহমেদ

পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের টেস্ট দলের নতুন কোচ হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। টি–২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স এবং টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার পর দলটিতে বড় ধরনের পরিবর্তন আনা প্রায় নিশ্চিত ছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার কোচিং স্টাফে বদল আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জানা গেছে, গত বছরের অক্টোবর থেকেই পাকিস্তান টেস্ট দলের পূর্ণকালীন কোচের পদ খালি রয়েছে। এতদিন অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন আজহার মাহমুদ। তবে এবার দীর্ঘমেয়াদে একজন স্থায়ী কোচ নিয়োগ দিতে চায় পিসিবি।

আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। সিরিজের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১৬ মে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র বলছে, এই সিরিজ থেকেই নতুন দায়িত্বে দেখা যেতে পারে সরফরাজ আহমেদকে।

৩৮ বছর বয়সী সাবেক এই উইকেটরক্ষক–ব্যাটারকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি এখন প্রায় চূড়ান্ত, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

এর আগে দক্ষিণ আফ্রিকা সিরিজে পাকিস্তান দলের সঙ্গে শেষবার দেখা গিয়েছিল অন্তর্বর্তী কোচ আজহার মাহমুদকে। তবে দীর্ঘমেয়াদে টেস্ট দলের দায়িত্ব দেওয়ার জন্য এবার সরফরাজকেই বেছে নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, এর আগেও পরামর্শদাতা হিসেবে পিসিবির সঙ্গে কাজ করেছেন সরফরাজ আহমেদ। তাই বোর্ডের সঙ্গে তার সম্পর্ক ও অভিজ্ঞতা এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

অধিনায়ক হিসেবে সরফরাজের সাফল্যও কম নয়। তার নেতৃত্বে পাকিস্তান টানা ১১টি টি–২০ সিরিজ জিতেছিল। শুধু তাই নয়, তার অধিনায়কত্বে পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশও করে পাকিস্তান।

সবচেয়ে বড় সাফল্য আসে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে সরফরাজের নেতৃত্বে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। সেটিই এখন পর্যন্ত পাকিস্তানের সর্বশেষ আইসিসি ট্রফি জয়।

এবার সেই সফল অধিনায়ককেই নতুন ভূমিকায় দেখতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। টেস্ট দলের দায়িত্ব নিয়ে তিনি দলকে নতুন পথে এগিয়ে নিতে পারেন কি না—এখন সেটাই দেখার অপেক্ষা।