ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

খারাপ ফর্ম ভুলে ভারতের বিপক্ষে সেমিফাইনালে জ্বলে উঠবেন বাটলার, বিশ্বাস ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

খারাপ ফর্ম ভুলে ভারতের বিপক্ষে সেমিফাইনালে জ্বলে উঠবেন বাটলার, বিশ্বাস ইংল্যান্ড অধিনায়ক ব্রুকের

টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক আস্থা রাখছেন দলের অভিজ্ঞ তারকা জস বাটলার–এর ওপর।

যদিও চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে খুব একটা সফল নন বাটলার। তবুও ব্রুক মনে করছেন, ভারতের বিপক্ষে সেমিফাইনালের বড় মঞ্চেই আবার জ্বলে উঠতে পারেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার।

সুপার এইট পর্বে ইংল্যান্ড সব ম্যাচ জিতে দারুণ ছন্দে থাকলেও জস বাটলারের ব্যক্তিগত পারফরম্যান্স হতাশাজনক। চলতি বিশ্বকাপে ৭ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৬২ রান।

এর মধ্যে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৪৭ রান করেছিলেন বাটলার। কিন্তু এরপরের পাঁচ ম্যাচে তিনি একবারও দুই অঙ্কের রান করতে পারেননি।

সবচেয়ে হতাশাজনক ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। সেখানে রানের খাতই খুলতে পারেননি ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার। এর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাট হাতে ব্যর্থ হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।

তবে এসব পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। বরং তিনি মনে করছেন, বড় ম্যাচেই নিজের আসল রূপ দেখাতে পারেন বাটলার।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুক বলেন,
“আমার মনে হয় বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত। তার মতো খেলোয়াড়কে স্বাভাবিকভাবে খেলতে দিতে হবে। সে এই খেলায় সর্বকালের সেরাদের একজন।”

ব্রুক আরও যোগ করেন, “আমি মনে করি, সে সেমিফাইনালে ভালো করতে যাচ্ছে।”

উল্লেখ্য, ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। তাই সব নজর এখন এই হাইভোল্টেজ লড়াইয়ের দিকে—আর ইংল্যান্ড শিবির আশা করছে, সেই ম্যাচেই ব্যাট হাতে ঝলসে উঠবেন জস বাটলার।