ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে জিততে চাইলে বাবর আজমকে দলে রাখতেই হবে, বললেন সাবেক তারকা শেহজাদ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে জিততে চাইলে বাবর আজমকে দলে রাখতেই হবে, বললেন সাবেক তারকা শেহজাদ

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এই সিরিজকে ঘিরে পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।

বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে কেমন একাদশ নামানো উচিত, তা নিয়ে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের মধ্যে চলছে তুমুল বিতর্ক। সেই আলোচনায় এবার যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন শেহজাদ। তার মতে, এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত বাবর আজম।

জিও নিউজের এক অনুষ্ঠানে শেহজাদ বলেন,
“২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিন। বাবরকে হেয় করবেন না বা সবকিছুর জন্য তাকে দায়ী করবেন না। দলের সব খারাপ পারফরম্যান্সের দায় শুধু বাবরের না।”

শেহজাদ মনে করেন, ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের সেরা ব্যাটার এখনও বাবর আজমই। তাই বাংলাদেশের বিপক্ষে তাকে দলে না রাখা বড় ভুল হবে।

তিনি বলেন,
“বাবর আজম আপনার সেরা ওয়ানডে ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে তো আপনাকে জিততেই হবে। বাংলাদেশের বিপক্ষে কি পরাজয়ের পরিকল্পনা করছেন? বাবর না গেলে জিতবেন কীভাবে? ওয়ানডেতে বাবরই পাকিস্তানের নাম্বার ওয়ান খেলোয়াড়, সবচেয়ে বেশি রানও তার।”

বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবেও দেখছেন শেহজাদ। তার মতে, টাইগারদের বিপক্ষে খেলাটা সহজ হবে না।

তিনি বলেন,
“বাংলাদেশ খুব ভালো দল। তারা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেখানে কন্ডিশন কঠিন হবে এবং দল হিমশিম খেতে পারে।”

শেহজাদের মতে, বাংলাদেশে সফল হতে হলে পাকিস্তান দলে অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন হবে। বিশেষ করে এমন একজন ব্যাটার দরকার, যিনি এক প্রান্ত ধরে রেখে বড় ইনিংস খেলতে পারবেন।

“এমন খেলোয়াড় দরকার, যিনি এক প্রান্ত আগলে রেখে খেলতে পারবেন এবং আগেও বাংলাদেশে পারফরম্যান্স করেছেন। তাই বাবর আজমের বাংলাদেশ সফরে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।

সবশেষে শেহজাদ স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশের বিপক্ষে হার এড়াতে চাইলে বাবর আজমকে অবশ্যই দলে রাখতে হবে।

“বাংলাদেশের বিপক্ষে হারতে পারেন না—এটা মনে রাখতে হবে। তাই অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে,” যোগ করেন তিনি।