এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম পারফর্মার হয়েছেন সাঞ্জু স্যামসন। শেষ দুই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেও উভয় ম্যাচেই তিনি অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ফলে রবিচন্দ্রন অশ্বিনের করা পূর্বাভাস এখনও পুরোপুরি সত্য হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে স্যামসন খেলেছেন ৪২ বলে ৮৯ রান। এর আগে কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৫০ বলে অপরাজিত ৯৭।
অশ্বিন আগেই বলেছিলেন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামসন তিনটি সেঞ্চুরি হাঁকাবেন। যদিও সেটা এখনো হয়নি, তবুও স্যামসনের ব্যাটিং সবকেই মুগ্ধ করেছে। সেমিফাইনালে ম্যাচসেরা হওয়া এই ওপেনারকে ফাইনালেও বড় ইনিংস খেলার আশা করছেন অশ্বিন।
অশ্বিন বলেন, “আগে আমি বলেছিলাম যে স্যামসন তিনটি সেঞ্চুরি করবে। এক ম্যাচে সে অপরাজিত ৯৭ করেছে, পরেরটিতে ৮৯। এখন আমার মনে হয়, একটি সেঞ্চুরি করলেই যথেষ্ট!”
তিনি আরও যোগ করেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে এবং মিচেল স্যান্টনার, ম্যাট হেনরিদের সামনে হয়তো খুব ভালো পারফরম্যান্স দেখানো হয়নি। তবে জফরা আর্চারের জবাব যেভাবে বের করেছে, ঠিক সেভাবেই যদি ম্যাট হেনরির জবাব খুঁজে পায়, তাহলে তাকে থামানো সম্ভব হবে না। আমরা এক চোখধাঁধানো ফিনাল অপেক্ষায় আছি এবং আশা করি সে সফল হবে।”