ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দল অবশেষে পাচ্ছে দেশে ফেরার সুযোগ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ভারতে আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দল অবশেষে পাচ্ছে দেশে ফেরার সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের কারণে অনিরাপদ হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার আকাশপথ। এর ফলে কয়েকদিন ধরে ভারতের মাটিতে আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো কয়েকটি দল। এমন পরিস্থিতিতে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন মজা করে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিমান পাঠাতে অনুরোধও করেছিলেন।

অবশেষে এই তিনটি দল দেশে ফেরার দুয়ার পাচ্ছে। ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদনে জানিয়েছে, ভারতে আটকা পড়া দলগুলোর জন্য আইসিসি চার্টার বিমানের ব্যবস্থা করছে।

গত বৃহস্পতিবার সেমিফাইনালে হেরে ভারত থেকে ফাইনালের আশা শেষ হয়েছে ইংল্যান্ডের। তারা মুম্বাই থেকে দেশের উদ্দেশে আজ (শনিবার) সন্ধ্যায় বিমান ধরবে। এছাড়া কলকাতা থেকে ভিন্ন বিমানে ভারত ছাড়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের।

ইংল্যান্ড সরাসরি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দল জোহানেসবার্গে যাবে, সেখান থেকে শাই হোপের নেতৃত্বে থাকা দল অ্যান্টিগায় পৌঁছাবে। উভয় দলই তাদের ফ্লাইট সূচির অপেক্ষায় আছে। সম্ভাব্যভাবে রোববার তারা স্বদেশে ফিরবে।

প্রোটিয়া স্কোয়াডে থাকা কেশভ মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডে নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে। সেখানে ১৫ মার্চ থেকে তারা কিউইদের সঙ্গে সীমিত ওভারের সিরিজ খেলবে।

গত বুধবার সেমিফাইনালে হেরে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এর চেয়েও বেশি সময় ধরে কলকাতায় আটকা পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ১ মার্চ তারা ভারতের বিপক্ষে সুপার এইটে হারের মাধ্যমে বিশ্বকাপ যাত্রা শেষ করে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে সপ্তাহখানেক ধরে তারা কলকাতায় ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার নিশ্চিত করেছে, তারা দলের দেশ প্রত্যাবর্তনের জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করছে।

অন্যদিকে, আকিল হোসেন রোনালদোর কাছে মজার একটি টুইট করেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, “এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ক্রিশ্চিয়ানোর কাছে আর্জি জানাচ্ছি, তিনি যেন বিমান পাঠান এবং আমাকে উদ্ধার করেন।” এর আগে রোনালদোও নিরাপত্তার কারণে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়ে যান।