এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে সৌদি আরবকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান। পরিস্থিতি দ্রুতই নতুন নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে।
মন্ত্রণালয়ের দাবি, ড্রোনগুলো আকাশসীমায় ঢোকার পরপরই সেগুলো শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং দ্রুতই সেগুলো ধ্বংস করা হয়।
এর প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরেকটি বিবৃতিতে জানিয়েছিল, তাদের আকাশসীমায় প্রবেশের পর ইরানের আরও আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই মোট ১৫টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।
এদিকে এই উত্তেজনার পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক পাল্টাপাল্টি অবস্থান। গতকাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলোকে ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায়, তাহলে ইরানও পাল্টা হামলা চালাবে না।
তবে তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশকে লক্ষ্য করে ইরান নতুন করে পাল্টা হামলা শুরু করে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি দ্রুতই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এই পাল্টাপাল্টি অবস্থান পুরো অঞ্চলজুড়েই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।