ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও ছয় মাস তীব্র লড়াই চালানোর সক্ষমতার দাবি ইরানের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আরও ছয় মাস তীব্র লড়াই চালানোর সক্ষমতার দাবি ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বড় দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আরও ছয় মাস ‘তীব্র লড়াই’ চালিয়ে যাওয়ার মতো রসদ, লোকবল ও সামরিক সক্ষমতা তাদের রয়েছে।

এই দাবি করেছেন ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহম্মদ নাইনি।

গত শনিবার ইরানের সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজ অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বর্তমানে যে গতিতে আমরা যুদ্ধ পরিচালনা করছি, সেই গতি বজায় রেখে আরও ছয় মাস আমরা লড়াই চালিয়ে যেতে পারব। সেই পরিমাণ রসদ, লোকবল ও সামর্থ্য আমাদের আছে।”

তিনি আরও জানান, যুদ্ধ শুরুর পর গত সাত দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ২০০টিরও বেশি মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি এবং ইরানের নিয়মিত প্রতিরক্ষা বাহিনী।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো ধরনের সমঝোতা ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এর পরদিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। একই সময়ে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান দফায় দফায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বলে জানা গেছে।