ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

উজবেকিস্তান কোচের নজর ঋতুপর্ণা-মনিকার ওপর, বাংলাদেশ ম্যাচে বিকল্প খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতি সম্পূর্ণ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

উজবেকিস্তান কোচের নজর ঋতুপর্ণা-মনিকার ওপর, বাংলাদেশ ম্যাচে বিকল্প খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতি সম্পূর্ণ

উজবেকিস্তান একটি শীতপ্রধান দেশ হলেও অস্ট্রেলিয়ার পার্থে তাপমাত্রা অনেক বেশি। আগামীকাল বিকেল পাঁচটায় বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ। এই গরম আবহাওয়ার বিষয়ে উদ্বিগ্ন নন উজবেকিস্তান কোচ কুলবায়েত।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি মনে করি আবহাওয়া দুই দলের জন্যই সমান। অবশ্যই উজবেকিস্তানে গ্রীষ্মকালে গরম থাকে, কিন্তু এখন শীতকাল চলছে, তাই এখানকার তুলনায় তাপমাত্রা কম। এটি কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে দুই দলের জন্যই সমান।"

উত্তর কোরিয়ার বিপক্ষে উজবেকিস্তানের গোলরক্ষক আহত হওয়ায় বাংলাদেশ ম্যাচে গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় নেই। কোচ বলেন, "আমাদের ২৬ জন খেলোয়াড় আছে যারা সবাই খেলার জন্য প্রস্তুত। আমরা টুর্নামেন্ট শুরুর আগে পরিকল্পনা করেছি কোন ম্যাচে কোন খেলোয়াড় খেলবে। বিকল্প খেলোয়াড় আছে এবং সবাই আগামীকালকের জন্য প্রস্তুত।"

কোচের নজর পড়ে গেছে বাংলাদেশের ঋতুপর্ণা এবং মনিকা চাকমার গতি ও আক্রমণভাগে দক্ষতার উপর। তিনি বলেন, "আমি তাদের খেলা দেখেছি। কিছু দ্রুতগতির খেলোয়াড় আছে, বিশেষ করে আক্রমণভাগে। বাংলাদেশ একটি তরুণ দল এবং সম্ভাবনাময়। তাদের গোলকিপার মাত্র ১৯ বছর বয়সে খুব সাহসী। অভিনন্দন তার জন্য। তবে দিনশেষে আমরা নিজেদের ওপর বেশি গুরুত্ব দিচ্ছি এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা খেলব।"

উজবেকিস্তান যদি বাংলাদেশকে হারায়, কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। কোচ মন্তব্য করেন, "এটি সহজ ম্যাচ হবে না, কারণ এশিয়ান কাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। পয়েন্ট টেবিল এখনও অজানা কারণ অন্য গ্রুপের অনেক খেলা বাকি।"