ঢাকা, রবিবার, জুন ৭, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

মোজতবা খামেনি সুপ্রিম লিডার হওয়ায় উদ্বেগ! ‘দুর্ভাগ্যজনক’ বললেন সাবেক সিআইএ প্রধান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

মোজতবা খামেনি সুপ্রিম লিডার হওয়ায় উদ্বেগ! ‘দুর্ভাগ্যজনক’ বললেন সাবেক সিআইএ প্রধান

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নির্বাচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক ডেভিড প্রেট্রেয়াস। তিনি এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক” বলে মন্তব্য করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড প্রেট্রেয়াস বলেন, “আমরা ধারণা করছি, তার বাবা যেমন ছিলেন তিনিও তেমনই হবেন। তিনি খুবই কট্টরপন্থি ধর্মীয় ব্যক্তি।”

তিনি আরও বলেন, “তিনি সুপ্রিম লিডার হয়েছেন। কিন্তু তিনি একজন আয়াতুল্লাহও নন—যা শিয়া মুসলিমদের মধ্যে সর্বোচ্চ ধর্মীয় শিক্ষার মর্যাদা হিসেবে বিবেচিত। তবে একই ধরনের ঘটনা তার বাবার সময়ও ঘটেছিল। কয়েক দশক আগে আলি খামেনি যখন সুপ্রিম লিডার হয়েছিলেন, তখন তিনিও খুব বেশি পরিচিত ছিলেন না।”

সিআইএ-এর সাবেক এই প্রধান আরও বলেন, অনেকেই আশা করেছিলেন ইরানের নেতৃত্বে এমন একজন আসবেন যিনি তুলনামূলকভাবে বাস্তববাদী হবেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দাবি—যেমন পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করার মতো বিষয়গুলো নিয়ে তিনি হয়তো সমঝোতার পথে হাঁটবেন।

তার ভাষায়, “কিন্তু এখন যা দেখা যাচ্ছে, তা সম্ভবত হবে না। অন্তত যতক্ষণ না পর্যন্ত তিনি ক্ষমতা গ্রহণ করে দেখান যে তিনি আসলে কী করতে যাচ্ছেন।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর সোমবার তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে ইরান।