ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরান যুদ্ধ কতদিন চলবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিজেই নির্ধারণ করে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ডোনাল্ড ট্রাম্প জানালেন ইরান যুদ্ধ কতদিন চলবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিজেই নির্ধারণ করে

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মেয়াদ কতদিন চলবে— সে বিষয়ে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়—এই যুদ্ধ কতদিন চলবে। জবাবে তিনি বলেন, “আমার মনে হয় এটা কিছুটা পারস্পরিক। আমরা (ট্রাম্প ও নেতানিয়াহু) কথা বলছি; তবে চূড়ান্ত সিদ্ধান্ত আমি নেবো এবং সঠিক সময়ে নেবো। সবকিছু এক্ষেত্রে বিবেচনায় আনা হবে।”

এর আগে ৩ মার্চ ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যুদ্ধ আগামী চার সপ্তাহের মধ্যে শেষ হবে। তবে একদিন পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেন, যুদ্ধ ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলেছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই আলোচনা শেষ হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামের সামরিক অভিযান পরিচালনা করে।

এই হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। সৌদি আরবের মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং তেল স্থাপনাগুলোতে গত ১০ দিন ধরে হামলার ঘটনা ঘটে চলেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে এই সংঘাতের দীর্ঘায়ু নির্ভর করছে রাজনৈতিক সমঝোতা ও কূটনৈতিক উদ্যোগের ওপর।