ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন, নিহত-আহত, মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন ধাক্কা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম

ইরানের ড্রোন হামলায় আবু ধাবির শিল্পাঞ্চলে ভয়াবহ আগুন, নিহত-আহত, মধ্যপ্রাচ্য উত্তেজনার নতুন ধাক্কা

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় আবু ধাবির একটি শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ড্রোন হামলায় আবু ধাবির রুবাইস শিল্পাঞ্চলে আগুন লেগেছে। শিল্পাঞ্চলের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আমিরাত কর্তৃপক্ষ।

আবু ধাবির গণমাধ্যম বিষয়ক কার্যালয় জানিয়েছে, ড্রোন হামলার কারণে রুবাইস শিল্পাঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গণমাধ্যম কার্যালয় আরও জানিয়েছে, “রুবাইস ইন্ডাস্ট্রিয়াল সিটির একটি স্থাপনায় ড্রোন হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।”

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় কোনও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে তথ্য দেওয়া হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবারও ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

ইরানি হামলা মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় রয়েছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর থেকে ইরানি সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি স্বার্থ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এসব হামলায় কাতার, কুয়েত, আমিরাত ও বাহরাইনে কয়েকজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন।