এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ০২:০৩ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতি’ হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, দুই দেশের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হওয়ায় তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এই বৃহৎ সামরিক মহড়া কোরীয় উপদ্বীপকে আরও অস্থিতিশীল করতে পারে। এর জবাবে উত্তর কোরিয়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করবে।
তিনি বলেন, “আমাদের দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা যে কোনও পেশি শক্তি প্রদর্শন অকল্পনীয় ভয়াবহ পরিণতির কারণ হতে পারে। শত্রুপক্ষ যেন কখনোই আমাদের ধৈর্য, ইচ্ছা ও সক্ষমতা পরীক্ষা করার চেষ্টা না করে।”
সোমবার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বার্ষিক বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে। তবে গত বছরের তুলনায় এবার মাঠ পর্যায়ের প্রশিক্ষণ মহড়ার সংখ্যা কিছুটা কমানো হয়েছে।
১১ দিনব্যাপী এই মহড়ায় প্রায় ১৮ হাজার সেনাসদস্য অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সরকারের সময়ে গত বছর মাঠ পর্যায়ে ৫১টি মহড়া পরিচালিত হলেও এবার মিত্র দেশগুলো ২২টি মহড়া করবে।
কিম ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়া তাদের ‘অপ্রতিরোধ্য প্রতিরোধ শক্তি’ বৃদ্ধি করে এই কৌশলগত হুমকি মোকাবিলা করবে। তিনি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সবসময় ‘অস্পৃশ্য’ থাকবে।
পিয়ংইয়ং দীর্ঘদিন ধরেই দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়াকে ‘আক্রমণের মহড়া’ হিসেবে অভিহিত করে আসছে।