এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর চালানো এই হামলা পুরোপুরি অবৈধ।
একই সঙ্গে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচনের বিষয়টিকে ‘ইরানিদের পছন্দ’ বলেও উল্লেখ করেছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বুধবার এক বিবৃতিতে বলেন, তারা ইরানের ওপর হামলার কঠোর নিন্দা জানাচ্ছে। তার ভাষায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে।
মুখপাত্র আরও বলেন, “ইরানে অবৈধ হামলা চালিয়ে তারা শুধু ওই অঞ্চলেই নয়, বিশ্বব্যাপী স্থিতিশীলতাকে নষ্ট করছে।”
অন্য দেশের সরকারকে হুমকি দেওয়া বা হামলা চালিয়ে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে উত্তর কোরিয়া।
এদিকে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট যে নতুন সুপ্রিম লিডার নির্বাচন করেছে, তাকে সম্মান জানানোর কথাও জানিয়েছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার মতে, এই নির্বাচনের মাধ্যমে ইরানিদের চাওয়া ও মতামতের প্রতিফলন ঘটেছে।